১১ জুলাই অটোরিকশা ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজিচালিত অটোরিকশার জমা ও ভাড়া বাড়ানোসহ ১০ দফা দাবি আদায়ে ১১ জুলাই বুধবার সকাল থেকে রাজধানীতে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। নেতারা বলেন, ১১ জুলাইয়ের মধ্যে সিএনজি অটোরিকশা-চালকদের দাবি না মানলে লাগাতার ধর্মঘট এবং প্রতিদিন সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশে করা হবে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের এক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক মুক্তার সভাপতিত্বে বক্তারা দাবি জানান, বৈধ লাইসেন্সধারী থ্রি হুইলার চালকদের মধ্যে সদ্য প্রস্তাবিত পাঁচ হাজার সিএনজি অটোরিকশা দ্রুত বিতরণ করতে হবে।সমাবেশে অটোরিকশা-চালকেরা বলেন, ট্রাফিক পুলিশ ও বিআরটিএর কিছু মাস্তান তাঁদেরকে নানাভাবে হয়রানি করে। যাত্রী সেজে তারা অটোরিকশায় ওঠে ও পরে চালকদের ট্রাফিক পুলিশের কাছে নিয়ে যায় এবং চাঁদা দাবি করে। কোনো কোনো সময় নীরব জায়গায় নিয়ে গিয়ে অটোরিকশা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তাঁরা। পরে চালকদের ৮০ হাজার থেকে এক লাখ টাকা দিয়ে ওই সব অটোরিকশা ছাড়িয়ে আনতে হয় বলে জানান তাঁরা।চালকেরা আরও বলেন, সরকার নির্ধারিত জমা ৬০০ টাকা করা হলেও অটোরিকশা-মালিকেরা কোনো কোনো ক্ষেত্রে এক বেলার জন্য (সকাল ছয়টা থেকে বেলা দুইটা) ৮০০ থেকে ৮৫০ টাকা জমা নিচ্ছেন। দুই বেলায় মিলিয়ে এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত আদায় করছেন মালিকেরা। তা ছাড়া অটোরিকশা নষ্ট হলেও পুরো দিনের টাকা মালিকদের জমা দিতে হয় বলে অভিযোগ করেন তাঁরা।সমাবেশে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক হানিফ খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।