১১ জেলায় পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলা
বগুড়া, সাতক্ষীরা, নড়াইল, নোয়াখালী, মৌলভীবাজার, চট্টগ্রাম, কুষ্টিয়া, জয়পুরহাট, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে গতকাল সোমবার পুলিশের ওপর ব্যাপক হামলা চালান জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। তাঁরা ব্যাগে থাকা পাথর ও ইটপাটকেল ছোড়েন পুলিশের ওপর। ঝাঁপিয়ে পড়েন লাঠিসোঁটা নিয়ে। এতে পুলিশের কমপক্ষে ৫৪ জন সদস্য আহত হয়েছেন।অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। করে লাঠিপেটা। এতে জামায়াত-শিবিরের কমপক্ষে ১৯৩ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দলটির স্থানীয় নেতারা দাবি করেছেন। গ্রেপ্তার করা হয় ২১০ জন নেতা-কর্মীকে।মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নয়জন নেতাসহ দলের অন্য নেতা-কর্মীদের মুক্তি এবং বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সারা দেশে মিছিলের কর্মসূচি নেয় দলটি। মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা।প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে খবর জানাচ্ছেন ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা।বগুড়া: বেলা দুইটার দিকে শহরের সাতমাথা এলাকায় মিছিলে বাধা দিলে উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ও এসআই মঞ্জুরুল ইসলাম ভূঁইয়াকে লাঠি দিয়ে বেদম পেটান জামায়াতের নেতা-কর্মীরা। অতিরিক্ত পুলিশ এসে তাঁদের ধাওয়া দেয়। নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও ইটপাটকেল ছোড়েন এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভাঙচুর করেন পুলিশের একটি গাড়ি। এতে পুলিশের গাড়িচালক মজিবর রহমানসহ বেশ কয়েকজন আহত হন। হামলাকারীরা শেরপুর সড়কে সাতানি বাড়ির সামনে থেকে বেশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়েন। এভাবে কয়েক দফা পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়।বগুড়া শহর জামায়াতের আমির আবদুর রাজ্জাক দাবি করেন, পুলিশই তাঁদের মিছিলে হামলা চালিয়েছে। এতে তাঁদের অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন।পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, মানবতাবিরোধী বিচার কার্যক্রম ব্যাহত করতে পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে তিনটি মামলা করা হয়েছে। এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।নোয়াখালী: শহরের জামে মসজিদ মোড় ও গোদার মসজিদের কাছে জামায়াতের দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় এসআই রফিকুল ইসলামকে বেদম মারধর করে রাস্তার পাশে খালে ফেলে দেন নেতা-কর্মীরা। পেটান আরও তিন কনস্টেবলকে। পরে অতিরিক্ত পুলিশ এসে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। আহত হন ছয়জন। পরে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।সাতক্ষীরা: বিকেল সাড়ে চারটার দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে শহরের তুফান মোড় এলাকার একটি ব্যাংকের পাশে জড়ো হন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। একপর্যায়ে একটি জঙ্গি মিছিল বের করে নিউমার্কেটের দিকে আসার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপর শুরু হয় সংঘর্ষ। হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হন। এ সময় মিছিল থেকে ৫৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া নাশকতার অভিযোগে পাটকেলঘাটা থানার পুলিশ জামায়াত-শিবিরের ৩০ নেতা-কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে।জয়পুরহাট: বেলা তিনটার দিকে শহরের প্রধান রাস্তার পাশে মডার্ন ক্লিনিকের কাছ থেকে জামায়াতের একটি মিছিল বের হলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় পেছনে জামায়াতের অপর একটি মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল ও পাথর ছোড়া হয়। প্রাণে বাঁচতে রাস্তার পাশে বিভিন্ন দোকান ও বাসের কাউন্টারে ঢুকে আশ্রয় নেন পুলিশ সদস্যরা। ওই দোকানগুলোতেও হামলা চালান জামায়াতের কর্মীরা। এতে সদর থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল বাসারসহ পুলিশের চার সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ এসে ১৮ জনকে গ্রেপ্তার করে। লাঠিপেটা করে আহত করে ২০ নেতা-কর্মীকে।দিনাজপুর: বিকেলে শহরের গণেশতলা মোড়ে মিছিলে বাধা দিলে বাঁশের লাঠি নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়েন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। পিটিয়ে জখম করেন কোতোয়ালি থানার ছয় পুলিশ সদস্যকে। এ সময় ছয়-সাতটি ফাঁকা গুলি করে পুলিশ। পরে শিবিরের ১৭ কর্মীকে আটক করা হয়।নড়াইল: শহরের পুরোনো বাস টার্মিনাল চত্বরে বিকেলে জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষে পুলিশের ১০ সদস্য ও ৩০ নেতা-কর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ব্রাহ্মণবাড়িয়া: বেলা দেড়টার দিকে শহরের কালীবাড়ি মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশের ধাওয়া খেয়ে তোফায়েল আজম কিন্ডারগার্টেনের ভেতরে ঢুকে পড়েন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। পুলিশ তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে পাঁচ শিক্ষার্থী। পরে জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।ঠাকুরগাঁও: শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় বিকেল সাড়ে চারটার দিকে জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। জামায়াতের ছোড়া ইটের আঘাতে পুলিশের দুই সদস্য আহত হন। পুলিশের লাঠির আঘাতে ১০ কর্মী আহত হয়েছেন বলে সদর উপজেলা জামায়াতের আমির মো. আলমগীর হোসেন দাবি করেছেন।মৌলভীবাজার: শহরের কুসুমবাগ এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ও জামায়াত-শিবিরের সংঘর্ষে চার পুলিশ ও ৩০ নেতা-কর্মী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করেছে।নীলফামারী: শহরের প্রধান সড়কে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়। এতে পুলিশের আট সদস্য, জামায়াতের ১০ নেতা-কর্মী এবং যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ ২২ জন আহত হন। জামায়াতের চার কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।কুষ্টিয়া: শহরের পাঁচ রাস্তার মোড়ে বিকেলে জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষে ছয় পুলিশ ও জামায়াতে ইসলামীর ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রাজশাহী: নগরের শালবাগান এলাকায় গতকাল সন্ধ্যায় পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে ছাত্রশিবির। এ সময় পুলিশের লাঠিপেটায় শিবিরের কমপক্ষে ১০ সমর্থক আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরের তিন সমর্থককে আটক করেছে। এদিকে জেলার তানোর উপজেলায় মিছিল শেষে বাড়িতে ফেরার সময় জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।রংপুর: নগরের শাপলা চত্বর এলাকায় বিকেলে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১৫ জন আহত হন। জামায়াতের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের ১১টি শেল ছোড়ে।