১১ দলের পদযাত্রায় পুলিশের লাঠিপেটা
বর্তমান সরকারে অধিষ্ঠিত মহাজোটের আট শরিকসহ ১১টি রাজনৈতিক দলের সংসদ অভিমুখী পদযাত্রায় পুলিশের লাঠিপেটায় সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগ মোড়ে ওই ঘটনা ঘটে।পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগ মোড় পর্যন্ত এলে পুলিশ আরও সামনে অগ্রসর হতে বাধা দেয়। এ সময় পদযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে পুলিশের প্রতি ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর পুলিশ লাঠিপেটা শুরু করে। রাষ্ট্রধর্মসহ বাহাত্তরের সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক অনেক ধারা রেখে সংবিধান সংশোধনী প্রস্তাবের বিরোধিতা করে এই কর্মসূচি পালন করা হয়। সিপিবির নেতা রুহিন হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মিনার থেকে পদযাত্রাটি শাহবাগে পৌঁছালে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দেয়। ব্যারিকেড অপসারণের দাবি জানালে একজন পুলিশ সদস্য নেতা-কর্মীদের দিকে বন্দুক তাক করেন। এ সময় কর্মীরা উত্তেজিত হয়ে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় পদযাত্রায় অংশগ্রহণকারীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় দৈনিক ইত্তেফাক-এর ফটো সাংবাদিক সোহেল রেজা আহত হন। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় নেতা-কর্মীরা শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশ করেন।পুলিশের লাঠিপেটায় আহত নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন কাজী সাজ্জাদ জহির, খান আসাদুজ্জামান, অভিনু কিবরিয়া ইসলাম, জি এম জিলানী, মঞ্জুর মঈন, আবু হাসান, রাকিব হাসান, আকতার হোসেন, কনক বড়ুয়া প্রমুখ।সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, শেখ হাসিনা এ ধরনের বিল পাস করার মধ্য দিয়ে জামায়াতকে রাজনীতি করার বৈধতা দিচ্ছেন। এর ফলে দেশে ধর্মভিত্তিক রাজনীতির উত্থান ঘটবে। তিনি বলেন, ‘বিসমিল্লাহ্’ শব্দটি সংবিধানে রাখা অন্য ধর্মের প্রতি অবমাননাকর। আদিবাসীদের বিষয়ে সেলিম বলেন, তাদের নিজেদের জাতিসত্তা বাদ দিয়ে জোর করে বাঙালি বানানো হচ্ছে। পরবর্তী কর্মসূচির বিষয়ে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, কামাল লোহানীর নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি আলোচনা শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। কর্মসূচি হিসেবে হরতাল দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হরতালের চেয়েও কঠোর কর্মসূচি আসতে পারে। সমাবেশে কামাল লোহানী, পঙ্কজ ভট্টাচার্য, আনিসুর রহমান মল্লিক প্রমুখ বক্তব্য দেন ।পদযাত্রায় অংশগ্রহণকারী ১১টি দল হলো—সিপিবি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, সাম্যবাদী দল, ন্যাপ, গণতন্ত্রী পার্টি, গণতান্ত্রিক মজদুর পার্টি, গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, গণফোরাম ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।