১১ দলের পদযাত্রায় পুলিশের লাঠিপেটা, আহত ১৫
মহাজোটের আট শরিকসহ ১১টি দলের সংসদ অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ এবং ওই সব দলের নেতা-কর্মীদের মধ্যে লাঠিপেটা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে খান আসাদুজ্জামান, কুলসুম বেগমসহ কমপক্ষে ১৫ জন নেতা-কর্মী আহত হয়। রাষ্ট্রধর্মসহ বাহাত্তরের সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক ধারা রেখে সংবিধান সংশোধনীর কয়েকটি প্রস্তাবের বিরোধিতা করে গতকাল বুধবার ক্ষমতাসীন মহাজোটের আট শরিক ও সিপিবিসহ ১১টি রাজনৈতিক দল আন্দোলনের এ কর্মসূচি ঘোষণা করে। সিপিবি নেতা রুহিন হোসেন প্রথম আলোকে জানান, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শহীদ মিনার থেকে পদযাত্রাটি শাহবাগে পৌঁছালে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দেয়। কাঁটাতারের ব্যারিকেড অপসারণের দাবি জানালে একজন পুলিশ সদস্য নেতা-কর্মীদের দিকে বন্দুক তাক করেন। এ সময় কর্মীরা উত্তেজিত হয়ে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় পদযাত্রায় অংশগ্রহণকারীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এ সময় নেতা-কর্মীরা শাহবাগে সমাবেশ করে। সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এ বিষয়ে একটি জাতীয় কমিটি করা হয়েছে। তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। কর্মসূচি হিসেবে হরতাল দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হরতালের চেয়েও কঠোর কর্মসূচি আসতে পারে।সমাবেশে আরও বক্তব্য দেন কামাল লোহানী, পঙ্কজ ভট্টাচার্য, আনিসুর রহমান মল্লিক প্রমুখ।আজকের পদযাত্রায় অংশগ্রহণকারী ১১টি দল হলো—সিপিবি, ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সাম্যবাদী দল, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণতন্ত্রী পার্টি, গণতান্ত্রিক মজদুর পার্টি, গণ-আজাদী লীগ ও কমিউনিস্ট কেন্দ্র, গণফোরাম ও জনসংহতি সমিতি।