১১ দিন পর খালেদা বললেন ‘নির্বাচন সুষ্ঠু হয়নি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের অধীনে সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে ক্ষমতাসীনদের এমন বক্তব্যে নাকচ করে দিয়ে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়নি। সুষ্ঠু হলে সরকার-সমর্থিত প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হতো। তাই টালবাহানা বাদ দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা-ভাবনা শুরু করুন। লেভেল প্লেয়িং ফিল্ড হোক। সমানে সমানে খেলা হলে দেখা যাবে জনগণ কাদের ভোট দেয়।আজ বুধবার রাতে গুলশান কার্যালয়ে সিলেট সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলদের শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গত ১৫ জুন চার সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়।গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়নের দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, জনগণ সিটি নির্বাচনে ব্যালটের মাধ্যমে সরকারের দুর্নীতি, জুলুম-অত্যাচার নির্যাতনের জবাব দিয়েছে। আগামীতেও জনগণ একইভাবে সরকারকে প্রত্যাখান করবে।বক্তব্যের শুরুতেই সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের ব্যক্তিগত ও দলের পক্ষ থেকে অভিনন্দন জানান খালেদা জিয়া। তিনি বলেন, সিলেটের পূণ্যভূমি থেকে আমাদের জয়যাত্রা শুরু হয়েছে। আশা করি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। শুধু সিলেট নয়, সবগুলো সিটি করপোরেশন নির্বাচনেই সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে, যার জন্য এত বড় জয় আমাদের এসেছে। ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থেকে দল ও জোটের নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।সিটি করপোরেশন নির্বাচনে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায় বিএনপি-সর্মথিত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ায় তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা।গাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়নের দাবিনির্বাচন কমিশন নিরপেক্ষভাবে সিটি নির্বাচনগুলোতে দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে দাবি করে খালেদা জিয়া বলেন, গাজীপুর নির্বাচনে তাদের নিরপেক্ষতার প্রমাণ দেওয়ার সুযোগ রয়েছে। তাই আমি আশা করব গাজীপুর সিটি নির্বাচনে অবিলম্বে সেনাবাহিনী মোতায়ন করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে।দেশের বর্তমান দুরাবস্থার কথা তুলে ধরে খালেদা জিয়া বলেন, বিএনপি ক্ষমতায় গেল কি না তা বড় কথা নয়, বড় কথা হল দেশটাকে রক্ষা করা। এই অবস্থা থেকে দেশটাকে মুক্ত করতে হবে। জনগণ আওয়ামী লীগের দুর্নীতি, অত্যাচার থেকে মুক্তি চায়। এজন্য প্রয়োজন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন। এই দাবি মানতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি ঠিক করতে হবে।বিএনপির বিজয় দেখে সরকার ভীত হয়ে সামনের দিনগুলোতে সরকার অত্যাচার-নির্যাতন আরো বাড়াতে পারে বলেও দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে দেন খালেদা জিয়া। এম ইলিয়াস আলীর গুমের কথাও তুলে ধরে তিনি বলেন, ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে হবে, না দিলে এর পরিণাম ভোগ করতে হবে। গত ৫ মে শাপলাচত্ত্বরে হেফাজতে ইসলামীর নেতাকর্মীদের ওপর পরিচালিত যৌথ অভিযানে ‘গণহত্যা’ চালানো হয়েছে বলে আবারও দাবি করেছেন খালেদা জিয়া।অনুষ্ঠানের শুরুতেই সিলেটের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বেশ কয়েকজন কাউন্সিলর খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদী লুনা, সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হক, সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ডাক্তার সায়েফ, সিলেট বিভাগ ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এস এম জাহাংগীরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।গত ১৫ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৮-দলীয় জোট-সর্মথিত মেয়র প্রার্থী হিসেবে আরিফুল হক চৌধুরী বিশাল ভোটের ব্যবধানে ক্ষমতাসীন ১৪-দলীয় জোট প্রার্থী বদরউদ্দিন কামরানকে পরাজিত করেন।