১/১১-পরবর্তী সংকটের কথা ভুলে যাবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর দলকে ১/১১-পরবর্তী রাজনৈতিক সংকট এবং ওই সময়ের দুই বছরের তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ড ভুলে না যাওয়ার অনুরোধ করেছেন। ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত এক সভায় তিনি এ অনুরোধ করেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার সুযোগ নিয়ে একটি অগণতান্ত্রিক শক্তি ক্ষমতা দখল করার পাঁয়তারা চালাচ্ছে। তারা একবার ক্ষমতা নিলে সহজে ছাড়বে না। তারা দীর্ঘদিন ক্ষমতা দখল করে থাকবে।জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি, আবদুর রাজ্জাক এমপি, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।প্রধানমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে বিরোধীদলীয় নেত্রীকে আবার জেলে যেতে হতে পারে। তিনি বিরোধীদলীয় নেত্রীকে উদ্দেশ করে বলেন, ‘ইয়াজউদ্দিন, ফখরুদ্দীন ও মইন উদ্দিন আপনার নিজের লোক। তাঁরা আপনাকেও ছাড় দেয়নি বরং জেলে পাঠিয়েছিলেন। নতুন তত্ত্বাবধায়ক সরকার এলে তারা যে আপনাকে আবারও জেলে পাঠাবে না, তার কি নিশ্চয়তা আছে?’প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে শক্তিশালী এবং ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি চালু করা হবে। এর ফলে কেউ ভুয়া ভোট দিতে পারবে না এবং কারও পক্ষে ব্যালট বাক্স ছিনতাই করা সম্ভব হবে না। শেখ হাসিনা আরও বলেন, এই উপমহাদেশে পাকিস্তান এবং বাংলাদেশ ছাড়া সব কটি দেশেই ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু হয়েছে। আমরাও আগামীতে ইলেকট্রনিক ভোটিং চালু করে সংবিধানে বর্ণিত জনগণের ক্ষমতা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বহাল রাখার দাবির কথা উল্লেখ করে বলেন, ’৯০-এর গণ-অভ্যুত্থানের সময় প্রণীত তিন জোটের রূপরেখায় বলা হয়েছিল, পর পর তিনটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। কিন্তু বিএনপি ১৯৯১ সালে ক্ষমতায় এসে তিন জোটের রূপরেখার সঙ্গে বেইমানি করে তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বাতিল করে। পরবর্তী সময়ে আন্দোলনের মুখে তারা ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে রাতের অন্ধকারে তত্ত্বাবধায়ক সরকারের বিধান রেখে ত্রয়োদশ সংশোধনী বিল পাস করে। রাতের অন্ধকারে তড়িঘড়ি করে পাস করায় এর ত্রুটি থেকে যায়। এই ত্রুটির কারণেই বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সামরিক অভ্যুত্থান করে সরকারকে হটানোর চেষ্টা করা হয়েছিল। তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন ত্রুটি ব্যাখ্যা করে বলেন, যারা তত্ত্বাবধায়ক সরকারকে মেনে নিতে চায়নি, তারাই আজ এর জন্য মায়াকান্না শুরু করেছে।আওয়ামী লীগের সভানেত্রী তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে দেশের সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের কথা উল্লেখ করে বলেন, যেহেতু আদালত তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতিকে অবৈধ ঘোষণা করেছেন, তাই কোনো সাংসদ তাকে বৈধ করতে পারেন না। তিনি প্রশ্ন করেন, ‘বিরোধীদলীয় নেত্রী কার বিরুদ্ধে হরতাল করলেন, সরকারের বিরুদ্ধে না কি আদালতের বিরুদ্ধে?’প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে মহাজোট সরকারের মেয়াদে জাতীয় সংসদের শূন্য আসনে উপনির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন এবং পৌর ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি।একশ্রেণীর বুদ্ধিজীবী ও সুশীল সমাজের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যারা জনগণের সামনে দাঁড়াতে পারে না, তারাই আবার মিডিয়ার সামনে বড় বড় কথা বলে। তাদের ক্ষমতার লোভের কাছে আমরা আত্মসমর্পণ করব না।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ: ঐতিহাসিক ৭ জুন উপলক্ষে প্রধানমন্ত্রী গতকাল সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকেও তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নিরুপমা রাওয়ের সাক্ষাৎ: সফররত ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্টসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।