১১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে। নতুন সূচি অনুযায়ী ১১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। ১ ফেব্রুয়ারি এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। আগামী ২৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ এশীয় গেমস (এসএ গেমস) অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়। শিগগির পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় গতকাল সোমবার পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত হয়। শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান এতে সভাপতিত্ব করেন। এ সময় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ১২ লাখ ছাত্রছাত্রী। এর মধ্যে ঢাকা বোর্ড থেকে দুই লাখ ৭২ হাজার, কুমিল্লা বোর্ড থেকে এক লাখ দুই হাজার, চট্টগ্রাম বোর্ড থেকে ৬৮ হাজার, সিলেট বোর্ড থেকে ৪১ হাজার, রাজশাহী বোর্ড থেকে এক লাখ ৩৪ হাজার, দিনাজপুর বোর্ড থেকে এক লাখ ১৮ হাজার, যশোর বোর্ড থেকে এক লাখ ২৪ হাজার, বরিশাল বোর্ড থেকে ৫৫ হাজার, কারিগরি বোর্ড থেকে ৭৪ হাজার এবং মাদ্রাসা বোর্ড থেকে দুই লাখ ১১ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।