১১ বছরে প্রশাসনের ৯৫ কর্মকর্তা স্বেচ্ছা-অবসরে
জনপ্রশাসন থেকে গত ১১ বছরে সচিবসহ বিভিন্ন পদমর্যাদার ৯৫ জন কর্মকর্তা অকালীন স্বেচ্ছা-অবসর নিয়েছেন। এসব কর্মকর্তার স্বাভাবিক অবসরের সময় ছিল ২০২৩ থেকে ২০৩২ সালের মধ্যে। বেশির ভাগ কর্মকর্তাই যোগদানের ৫ থেকে ১০ বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দেন। কেউ কেউ ভিন্ন ক্যাডার থেকে জনপ্রশাসনে নিয়োগ নিয়েও কিছুদিনের মধ্যে আবার মূল ক্যাডারে ফিরে গেছেন।এসব কর্মকর্তা বর্তমানে কোথায়, সে সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য নেই। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, তাঁদের বেশির ভাগই হয়তো দেশি-বিদেশি কোনো বড় সংস্থায় কর্মরত থাকতে পারেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ ধরনের ঘটনা জনপ্রশাসনের প্রতি বিমুখিনতার প্রমাণ দেয়। এটি সুশাসন বা দক্ষ প্রশাসনের জন্য সুখকর নয়।১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইন অনুযায়ী, চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে যে কেউ স্বেচ্ছা-অবসরে যেতে পারেন কিংবা সম্পূর্ণ সুযোগ-সুবিধাসহ সরকার তাঁকে বাধ্যতামূলক অবসর দিতে পারে। কিন্তু ২৫ বছরের আগে স্বেচ্ছা-অবসর নিলে সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হয় না।আলোচ্য সময়ের মধ্যে দুই সচিবসহ বিভিন্ন পদমর্যাদার যেসব কর্মকর্তা স্বেচ্ছা-অবসর নিয়েছেন বা জনপ্রশাসন থেকে মূল ক্যাডারে ফিরে গেছেন, তাতে তাঁরা ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছেন। আইন অনুযায়ী, পদত্যাগপত্রে বা মূল ক্যাডারে ফিরে যেতে অন্য কোনো কারণ উল্লেখ করার সুযোগ নেই।জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ প্রথম আলোকে বলেন, যাঁরা অকালীন স্বেচ্ছা-অবসর নিয়েছেন, তাঁদের অনেকেই বিদেশি কোনো সংস্থায় কর্মরত রয়েছেন। ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পরে তাঁরা এসব চাকরি নিচ্ছেন। বারবার তাগিদ দিলেও তাঁরা দেশে ফিরছেন না। এ রকম বাস্তবতায় বাধ্য হয়ে চাকরিচ্যুত করতে হয়। তাই অনেকেই চাকরিচ্যুতির আগেই স্বেচ্ছা-অবসর নিচ্ছেন।জনপ্রশাসনে নিয়োগ-পদোন্নতি বা বদলির ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা এই স্বেচ্ছা-অবসরের কারণ কি না—এ প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘অবশ্যই না। বিশেষ করে এ সরকার এমন বিবেচনা থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি, করছেও না।’আরেক প্রশ্নের জবাবে জনপ্রশাসনসচিব বলেন, বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বিদেশে কিংবা দেশের বেসরকারি খাতে অনেক বেশি। এ কারণেও হয়তো কেউ কেউ জনপ্রশাসন ছাড়তে পারেন।জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. আকবর আলি খান প্রথম আলোকে বলেন, মেধাবীদের জনপ্রশাসনের প্রতি আকর্ষণ কমে যাচ্ছে, এটি অনস্বীকার্য। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ-বদলি, পদোন্নতির ধারা চালু, সময়মতো পদোন্নতি না পাওয়াসহ বেতন-ভাতার অপ্রতুলতাই এর অন্যতম কারণ। তিনি বলেন, ব্যক্তিগত অসুবিধার কারণে কেউ চাকরি ছেড়ে যেতে পারেন কিন্তু তার সংখ্যা নজিরবিহীন হলে দুঃখজনক। এতে আমলাতন্ত্র মেধাশূন্য হয়ে পড়বে। এতে গণতন্ত্রের ভিত্তিও দুর্বল হয়ে পড়বে।তবে কিছু কর্মকর্তা নিজেরাই রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য চাকরি থেকে অবসর নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন বর্তমানে আওয়ামী লীগের সাংসদ রবিউল আলম মুক্তাদির চৌধুরী, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সাবেক সহকারী একান্ত সচিব ও যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব আলাউদ্দিন চৌধুরী। আগামী নির্বাচনে অংশ নেবেন এই আশায় ১৯৮৪ ব্যাচের যুগ্ম সচিব আবদুস সালাম সম্প্রতি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। তিনি ভোলার একটি আসন থেকে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার চেষ্টা করছেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।আবার এ সরকারের আমলে যে দুজন সচিব স্বেচ্ছা-অবসর নিয়েছেন, তাঁদের মধ্যে মো. মোহসীন অন্যতম। মো. মোহসীন প্রথমে জ্বালানি বিভাগে ছিলেন। এ সরকার তাঁকে বেসরকারীকরণ কমিশনের সদস্য পদে বদলি করলে তিনি পদত্যাগ করেন। ভূমিসচিবের পদ থেকে দেলোয়ার হোসেনকে প্রথমে লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের রেক্টর করা হয়। কিছুদিন পর তাঁকে ভূমি মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান পদে বদলি করা হয়। পরে তিনিও স্বেচ্ছা-অবসর নেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ক্ষমতার কেন্দ্রে থাকা প্রভাবশালীদের সঙ্গে বিরোধের জের ধরে এই কর্মকর্তাকে চাকরি ছাড়তে হয়। উল্লেখযোগ্য অবসর গ্রহণকারীরা: ২০০০ থেকে ২০১১ সালের এপ্রিল মাসের মধ্যে যেসব কর্মকর্তা স্বেচ্ছা-অবসরে গেছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: মঈন মো. রফিক হোসেন, আবদুল লতিফ সরকার, খন্দকার গোলাম ফারুক, শাহ আবদুল জলিল, আবু বক্কর সিদ্দিকী, তুষার খন্দকার, তরিকুল ইসলাম, হাবিব আহমেদ, আবদুল মোতালেব সরকার, মনিরুজ্জামান, মাহবুবুর রহমান, ইসরাত শবনম, দীপ্তিময় চাকমা, জাহাঙ্গীর হোসেন হাওলাদার, এস এম রেজাউন উল আলম, সুশীল কুমার পোদ্দার, এহসান লতিফ, নাসরিন আখতার, নিলি জামান, তৌহিদুল আলম, জাহাঙ্গীর বিন সরওয়ার প্রমুখ। তাঁরা যুগ্ম সচিব, উপসচিব ও সহকারী কমিশনার পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।