১১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি দিরাই পৌরসভায়
সুনামগঞ্জের ভাটি অঞ্চলের প্রথম পৌরসভা হিসেবে পরিচিত দিরাই পৌরসভা গঠনের পর ১১ বছর পার হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। নয়টি ওয়ার্ডের প্রায় ৩০ হাজার বাসিন্দা নাগরিক-সুবিধা পাচ্ছে না। হোল্ডিং ট্যাক্স, লাইসেন্স, ইজারাসহ বিভিন্ন খাত থেকে রাজস্ব আদায় হলেও পৌর শহরের ড্রেনেজ ও রাস্তাঘাটের কোনো উন্নয়ন না হওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। সাড়ে ছয় বর্গকিলোমিটার আয়তনের পৌরসভার চারটি গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছেনি। ব্যবসায়ী বকুল চন্দ্র বণিক বলেন, ‘১১ বছর আগে দিরাই পৌরসভা গঠিত হলেও আমরা আজও কোনো নাগরিক-সুবিধা পাইনি। অযথা আমরা ট্যাক্স দিচ্ছি, কিন্তু কোনো উন্নয়ন পাচ্ছি না।’মণি সিনেমা হলের মালিক অনন্ত রায় বলেন, ‘একটু বৃষ্টি হলেই আমার সিনেমা হলে পানি ওঠে। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। এখন আমি নিজের টাকা দিয়ে পানিনিষ্কাশনের ব্যবস্থা করেছি। আমার সিনেমা হল থেকে কবির মঞ্জিল পর্যন্ত কমপক্ষে ৫০টি বাসা একটু বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়।’শিক্ষাবিদ সঞ্জয় কুমার দাস বলেন, পর্যাপ্ত ড্রেনেজ-ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই পৌর শহরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। সড়কবাতি না থাকায় সন্ধ্যার পরেই শহরে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়। শহরে চুরি-ডাকাতিও বেড়েছে।শিক্ষিকা হেলেন বেগম বলেন, ‘পৌর শহরের বাসিন্দা হয়েও আজও আমরা বিদ্যুৎ পাইনি। আমাদের রাস্তাঘাটের চেয়ে গ্রামের রাস্তাঘাটগুলোই ভালো। সব সময় পত্রপত্রিকায় আমাদের পৌরসভার দুর্নীতির খবর দেখি।’সাবেক ছাত্রনেতা আবু সাঈদ বলেন, ‘১১ বছর আগে পৌর শহরের যে রাস্তা ছিল, সে রাস্তা এখনো রয়েছে। সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীর নামে প্রতিষ্ঠিত নাসির উদ্দিন রোডে চলাফেরাই করা যায় না। আমার মনে হয়, এ রাস্তায় ১১ বছরে এক টাকারও মাটি কাটা হয়নি।’ দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুল হক বলেন, দিরাই পৌরসভা হলেও নাগরিকদের কোনো সুযোগ-সুবিধা বাড়েনি। দিরাই হাসপাতালের ছোট একটি রাস্তা দুই মাসেও মেরামত হয়নি।দিরাই উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ বলেন, পৌরসভা হয়ে আমাদের ট্যাক্সের বোঝা বেড়েছে। কিন্তু পৌরবাসী কোনো উন্নয়ন পায়নি। দিরাই কলেজ রোড, থানা রোড, ডাকবাংলো রোড এবং হাসপাতাল রোড দেখলে মনে হয়, এখানে কোনো জনপ্রতিনিধি নেই। বারবার পৌর কর্তৃপক্ষকে অনুরোধ করলেও হাসপাতালের ব্যস্ততম ছোট একটি রাস্তা দুই মাসেও মেরামত হয়নি। দিরাইবাসী বড়ই দুর্ভাগা। এখানে বড় বড় নেতার জন্ম হলেও স্বাধীনতার ৪০ বছরে কোনো উন্নয়ন হয়নি।দিরাই পৌর মেয়র হাজি আহমদ মিয়া জানান, আধুনিক পৌরসভা গড়তে ১০ বছর মেয়াদি দীর্ঘ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।