এসএ গেমসের ফুটবলে সোনা জিতেছে বাংলাদেশ। ফাইনালে আফগানিস্তানকে ৪-০ গোলে সহজেই হারিয়েছে স্বাগতিকেরা। ফলে এসএ গেমস ফুটবলে ১১ বছরের খরা কাটিয়ে সোনা জিতলো বাংলাদেশ। এর আগে বাংলাদেশ ১৯৯৯ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত এসএ গেমস ফুটবলে সোনা জয়ের স্বাদ পায়।আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হয়।প্রথমার্ধের ১৮ মিনিটের মাথায় ওয়ালি ফয়সালের ফ্রি-কিক থেকে হেডে গোল করেন আতিকুর রহমান। এরপর শাকিলের ক্রস থেকে এনামুলের করা গোলে বাংলাদেশ এগিয়ে যায় ২-০ গোলে। তখন খেলা হয়েছে ৩৩ মিনিট। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল।দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে আতিকুর রহমানের ফ্রি-কিক থেকে আবারও উপস্থিত দর্শকদের আনন্দে মাতিয়ে তোলেন আবদুল বাতেন। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে সবুজের গোলে ব্যবধান বেড়ে হয় ৪-০।এই আসরে বাংলাদেশ কোনো গোল খায়নি। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩-০ গোলে, দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে এবং তৃতীয় ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে পরাজিত করে বাংলাদেশ। সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে।এদিকে একাদশ এসএ গেমসের একাদশ দিনে আজ চারটি (ফুটবলসহ) সোনা জেতে স্বাগতিক বাংলাদেশ। সিলেটে অনুষ্ঠিত উশু ইভেন্টে মেসবাহ উদ্দিন সোনা জেতেন। বক্সিংয়ে জুয়েল আহমেদ ও আবদুর রহিম সোনা জেতেন। এ নিয়ে গেমসে বাংলাদেশের সোনার সংখ্যা দাঁড়াল ১৮টিতে। এটা বাংলাদেশের পক্ষে এসএ গেমসে সোনা জয়ের রেকর্ড।