১১ মামলায় জামিন পেলেন হল-মার্কের চেয়ারম্যান জেসমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচিত হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ১১টি মামলায় জামিন পেয়েছেন গ্রুপটির চেয়ারম্যান জেসমিন ইসলাম। গতকাল বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক জামিন আবেদন মঞ্জুর করেন। গতকাল জেসমিনের আইনজীবী ১১ মামলায় তাঁর জামিন চেয়ে আদালতে দেওয়া আবেদনে বলেন, আসামি অসুস্থ। সামনে তাঁর সন্তানের পরীক্ষা রয়েছে। জামিন দিলে পালাবেন না। সোনালী ব্যাংক থেকে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের ঘটনায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম ও তাঁর স্বামী ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদসহ মোট ২৭ জনকে আসামি করে গত ৪ অক্টোবর ১১টি মামলা করে দুদক। আসামিদের মধ্যে হল-মার্কের সাতজন ও সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন। জেসমিন ইসলামের বিরুদ্ধে ১১টি মামলায় ১৫ কোটি ৬৪ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে। দুই ব্যাংকের এমডিকে তলব: হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় এবার বেসিক ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের তলব করেছে দুদক। এঁরা হচ্ছেন যথাক্রমে কাজী ফখরুল ইসলাম ও মোশতাক আহমদ। দুই ব্যবস্থাপনা পরিচালককে ১৪ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য গতকাল বৃহস্পতিবার নোটিশ জারি করা হয়েছে। হল-মার্কবিষয়ক তদন্ত দলের প্রধান ও দুদকের উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর সই করা নোটিশে বলা হয়েছে, তদন্তের স্বার্থে তাঁদের দুদকে হাজির হতে হবে। বিশেষ করে সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার ব্যবস্থাপক আজিজুর রহমানের মাধ্যমে ওই শাখা থেকে হল-মার্কসহ ছয় প্রতিষ্ঠানের আত্মসাৎ করা নন-ফান্ডেড অর্থের বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া হবে। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগ সূত্র জানায়, ঋণপত্রের মাধ্যমে হল-মার্ক গ্রুপের আর্থিক জালিয়াতির ঘটনার সময় কাজী ফখরুল ইসলাম ও মোশতাক আহমদ সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিএমডি) পদে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে ছিলেন। সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখা থেকে হল-মার্কসহ ছয় প্রতিষ্ঠান মিলে তিন হাজার ৬০০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ফান্ডেড (এক হাজার ৯১৮ কোটি) টাকার বিপরীতে মোট ৩৭টি মামলা করেছে দুদক। অন্যদিকে নন-ফান্ডেড এক হাজার ৬৫০ কোটি টাকা আত্মসাতের সঙ্গে দেশি-বিদেশি ২৬টি ব্যাংকের সম্পৃক্ততা পেয়েছে দুদক। এর মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি।