১১ মামলায় জেসমিনের জামিন বাতিল
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ১১টি মামলায় হল-মার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বাতিল করা হয়েছে। আজ রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহিরুল হক জামিন বাতিলের আদেশ দেন। গত ৭ ফেব্রুয়ারি একই আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। জেসমিনের বিরুদ্ধে ১১টি মামলায় ১৫ কোটি ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।ওই জামিন স্থগিত চেয়ে ফৌজদারি কার্যবিধিতে ১০ ফেব্রুয়ারি হাইকোর্টে একটি আবেদন করেন নাজিম আহমেদ নামের এক ব্যক্তি। আবেদনে হল-মার্কের টাকা উদ্ধারের কোনো পদক্ষেপ নেই উল্লেখ করে সাত দিনের মধ্যে সোনালী ব্যাংকের ঋণের অর্থ ফেরতের বিষয়ে নির্দেশনার আরজিও রয়েছে।শুনানি নিয়ে পরের দিন হাইকোর্ট জেসমিন ইসলামের জামিনের ব্যাখ্যা জানাতে বিচারক মো. জহুরুল হককে ১৮ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেন। একই সঙ্গে জেসমিন যাতে দেশত্যাগ না করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। তাঁর জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। এই রুলের পরিপ্রেক্ষিতে আজ বিচারক মো. জহুরুল হক জেসমিনের জামিন বাতিল করেন।জানা যায়, হল-মার্ক গ্রপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তাঁর স্ত্রী জেসমিন ইসলামসহ মোট ২৭ জনকে আসামি করে গত বছরের ৪ অক্টোবর ১১টি মামলা করে দুদক। আসামিদের মধ্যে হল-মার্কের সাতজন ও সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন।