১১ মার্চ ২৪ ঘণ্টা কর্মবিরতি গণমাধ্যমে (ভিডিও)
সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচারের দাবিতে আগামী ১১ মার্চ সকাল ছয়টা থেকে পরদিন সকাল ছয়টা পর্যন্ত গণমাধ্যমে কর্মবিরতি পালন করা হবে। একই সঙ্গে ওই দিন সকাল ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন ও অবস্থান কর্মসূচি পালিত হবে। সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যার এক বছর পরও এর বিচার না হওয়ায় এবং হত্যাকারীদের চিহ্নিত করতে না পারায় আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করে সাংবাদিকদের সংগঠনগুলো। সেখানে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি পূরণ না হলে ১১ মার্চ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।যৌথভাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশ, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই কর্মসূচি পালন করে। কর্মসূচি ঘোষণা করেন মহাসমাবেশের সভাপতি ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, সব সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া ও সাংবাদিকদের কাজের স্বাধীনতার দাবিতে এই কর্মসূচি পালিত হবে। তিনি বলেন, সাংবাদিকেরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবে। ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্য হলো তাঁদের রুটি-রুজির নিশ্চয়তা, চাকরিচ্যুতি বন্ধ করা, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া। ইকবাল সোবহান স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করুন। সাংবাদিকদের মধ্যে কেউ জড়িত থাকলে তাঁকেও গ্রেপ্তার করুন। তা না হলে সাংবাদিকেরা ঐক্যবদ্ধ হয়ে আপনার পদত্যাগ দাবি করবে।’ সমাবেশে বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। তাঁরা বলেন, এই সরকারের আমলে এই হত্যার বিচার হবে কি না তা নিয়ে সন্দেহ বাড়ছে। সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। বিএফইউজের একাংশের মহাসচিব শওকত মাহমুদ বলেন, সাংবাদিকদের পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব নয়। সরকার এই মামলা নিয়ে নাটক সাজাচ্ছে। তিনি বলেন, খুনিরা হয় সরকারের কেউ, নয়তো সরকারের ঘনিষ্ঠ কেউ। সাংবাদিকেরা আর বিশ্বাস করতে পারছে না যে এই হত্যার বিচার হবে। মহাসমাবেশে বক্তব্য দেন বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশের নেতা আবদুস শহিদ, আবদুল জলিল, ওমর ফারুক, বাকের হোসাইন, শাবান মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাংবাদিক নাসিমুন আরা মিনু প্রমুখ।