১১ মাস পর মায়ের কোলে শিশু আরিফুল
আরিফুল শেখ। বয়স মাত্র চার বছর। বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর মহকুমার গজধরপাড়া গ্রামে। ১১ মাস ধরে কুষ্টিয়া জেলা কারাগারে সে বন্দী ছিল। আজ রোববার সকালে আরিফুল মায়ের কোলে ফিরল।বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সহযোগিতায় তার নানা-নানিসহ আরিফুল মুক্ত হয়। গত বছর ভারত থেকে বাংলাদেশে আসার পথে তারা পুলিশের হাতে ধরা পড়ে। পরে আদালতের মাধ্যমে নানা-নানির সাজা হলে আরিফুলও তাঁদের সঙ্গে কুষ্টিয়া জেলা কারাগারে রয়ে যায়। আরিফুলের বাবার নাম শরিফুল শেখ, মায়ের নাম কাজল রেখা বিবি। কুষ্টিয়া জেলা কারাগার সূত্রে জানা যায়, গত বছরের ১৫ এপ্রিল আরিফুল শেখ তার নানা হাসিমুদ্দীন শেখ ও নানি মাফরুজা খাতুনের সঙ্গে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের গাবতলা গ্রামে আত্মীয়ের বাড়িতে আসার পথে দৌলতপুর সীমান্তের চিলমারী এলাকায় পুলিশের হাতে ধরা পড়ে। দৌলতপুর থানার তত্কালীন উপপরিদর্শক (এসআই) খবির উদ্দিন বাদী হয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করে।পুলিশ ১৫ এপ্রিল তাদের আদালতের মাধ্যমে কুষ্টিয়া কারাগারে পাঠায়। আদালত ১২ মে আরিফুলের নানা-নানিকে ৫০০ টাকা করে জরিমানা করেন, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। জরিমানার টাকা পরিশোধ করার পরও আদালত সরকারি বিধি মোতাবেক শিশুসন্তানসহ তাঁদের ভারতে প্রত্যাবর্তন করার নির্দেশ দেন।কুষ্টিয়া কারাগারের জেলার ওমর ফারুক প্রথম আলো ডটকমকে বলেন, ১৫ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক চিঠিতে তাদের ভারতে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে তাদের ভারতে প্রত্যাবর্তন করানো হয়। তিনি বলেন, শিশুটির কোনো সাজা হয়নি। তবে সে কারাগারের ভেতরে তার নানির সঙ্গে থাকত।কুষ্টিয়া ব্লাস্টের সমন্বয়কারী শংকর মজুমদার প্রথম আলো ডটকমকে বলেন, সাজার মেয়াদ শেষ হলেও তারা অতিরিক্ত আট মাস বন্দী ছিল। আজ তারা মুক্ত হলো। চুয়াডাঙ্গার ৩৫ বিজিবি কামান্ডার সুলতান আহমেদ মুঠোফোনে বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে সকাল সাড়ে ১০টার দিকে তাদের হস্তান্তর করা হয়।