১১ মাসে দুদকের ৪৪৪ অভিযোগপত্র, অধিকাংশের বিচারকাজ শুরু হয়নি
গত ১১ মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুমোদিত ৪৪৪টি দুর্নীতির অভিযোগপত্রের অধিকাংশের বিচারকাজ শুরু হয়নি। এ জন্য দেশের বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতাকে দায়ী করা হচ্ছে। দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে অনুমোদন দেওয়া অভিযোগগুলোর প্রতিটিই নিম্ন আদালতে বিচারাধীন। কিন্তু মামলার রায় কবে নাগাদ জানা যাবে, সে বিষয়ে কারও কোনো ধারণা নেই।দুদক সূত্র জানায়, অভিযোগপত্রগুলোর মধ্যে তারেক-মামুনের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের অভিযোগসহ সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সঠিক সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। এ ছাড়া সরকারি অর্থ, জমি, চাল বা বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ, প্রতারণা ও ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হওয়ার ঘটনাও রয়েছে। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ‘কমিশন এ পর্যন্ত অনেক মামলার অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে এবং দিচ্ছে। কিন্তু বিচার-প্রক্রিয়া দীর্ঘ বলে অভিযুক্ত ব্যক্তিরা সহজে শাস্তি পান না। বিচারের রায়ের পর উচ্চ আদালতের আপিল-প্রক্রিয়ায় বছরের পর বছর পার হয়ে যায়। এ কারণে কমিশনের কর্মোদ্যোগের ফল সহজে বোঝা যায় না। এতে কমিশনের কর্মকাণ্ডও প্রশ্নবিদ্ধ হয়। সমাজে দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে না। তাই বিচার-প্রক্রিয়া দ্রুততর করা না হলে কমিশনের সুফল কখনোই বোঝা যাবে না।’ তিনি জানান, এ পর্যন্ত কমিশন যত মামলা করেছে, তার অর্ধেকের রায় পেলেও বর্তমান সমাজের দুর্নীতি ৪০ শতাংশ কমে যাবে। জ্ঞাত আয়বহির্ভূত উল্লেখযোগ্য মামলা: অর্থনৈতিক সম্পদ বিভাগের উপসচিব ও সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের (টাকার অঙ্ক উল্লেখ নেই) বিরুদ্ধে বর্তমানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া ঢাকা দক্ষিণের কাস্টম হাউসের সুপারিনটেনডেন্ট মো. হাতেম আলীর (বর্তমানে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে) বিরুদ্ধে ৫০ লাখ ৫০ হাজার ৪৭০ টাকা, সিরাজগঞ্জের মেয়র মো. হালিমুল হক মীর ১৬ লাখ টাকা এবং বাংলাদেশ পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক কাজী মো. ইমদাদুল হকের বিরুদ্ধে পাঁচ লাখ ৫৩ হাজার ৫৪০ টাকার সম্পদ গোপন এবং ১৮ লাখ ৪১ হাজার ৮১৯ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। কাস্টমস কমিশনার (স্বেচ্ছায় অবসর) এ টি এম মিজানুল হক ও তাঁর স্ত্রী লায়লা নাহিদের দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৬৩ লাখ দুই হাজার ৯৫৫ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।সাবেক বিভাগীয় বন কর্মকর্তা মো. আসাদ-উজ-জামান, সাবেক কাস্টমস পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান ও স্ত্রী মনোয়ারা রহমানের বিরুদ্ধে ৫৬ লাখ ১০ হাজার ৯৪৪ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এবং ঢাকা বিভাগের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আলীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা রয়েছে।উল্লেখযোগ্য সরকারি অর্থ আত্মসাৎ মামলা: ব্র্যাক আরডিপির সাবেক কর্মসূচি সংগঠক ও বর্তমানে কক্সবাজারের হরিণমারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবদুল মালেক ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে ৯৭ হাজার ৮৫০ টাকা, চট্টগ্রামের পাহাড়তলী ইউনিয়ন পরিষদের প্রকল্প সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম প্রকল্পের ৪৯ হাজার ৯১৭ টাকা এবং বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বর্তমানে বিটিসিএল) পরিবহন শাখার বিভাগীয় প্রকৌশলী মোস্তফা হানিফ চৌধুরীসহ তিন ব্যক্তির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। দিনাজপুরে স্টেডিয়াম নির্মাণকাজের টাকা আত্মসাৎ করেছেন মো. সোহেল রানাসহ আরও পাঁচ ব্যক্তি। রাঙামাটিতে কর্মরত অবস্থায় পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের সাবেক সহকারী বন সংরক্ষক মো. সাইফুল ইসলাম সাত লাখ ৮১ কোটি ৮৪৯ টাকার কাঠ আত্মসাৎ করেছেন। ওডি ঋণের ৬৫ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করেছেন মগবাজারের মেসার্স দি কন্ট্রাক্টরসের স্বত্বাধিকারী আজিজ হোসেনসহ তিন ব্যক্তি এবং এক লাখ ৮৫ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেছেন মগবাজারের মেসার্স দি কন্ট্রাক্টরস অ্যান্ড ক্লোথ বিজনেসের স্বত্বাধিকারী কামরুল হাসানসহ দুই ব্যক্তি। চাঁপাইনবাবগঞ্জের মো. আ. সালেক প্রকল্পের ২৮৮ বস্তা চাল আত্মসাৎ করেছেন। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) আটটি প্রকল্পের জন্য বরাদ্দকৃত দেড় হাজার মেট্রিক টন গম উত্তোলন এবং বিক্রি করে ৯৯ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বিএনসিসির সাবেক পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ আলী হাসান (বিএ-৬৪২)। আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের ক্রেডিট কর্মকর্তা মো. মাহাবুল আলম ঋণগ্রহীতার কাছ থেকে আদায়কৃত ৮০ হাজার ৯৬৯ টাকা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সহকারী নন্দিতা চাকমা বিভিন্ন সমিতির কাছ থেকে ৬৬ হাজার ১৩৪ টাকা এবং নড়াইল পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন খান নিলু রাস্তা নির্মাণ প্রকল্পের তিন লাখ ১৪ হাজার ৪৫৫ টাকা আত্মসাৎ করেছেন। ব্র্যাক বিডিপির প্রিন্সিপাল অফিসার (ক্যাশিয়ার) মো. আব্বাছ আলী গ্রাহকদের কাছ থেকে আদায়কৃত মোট এক লাখ ৯৮ হাজার ৭৯ টাকা আত্মসাৎ করেছেন। ভুয়া নামজারি দেখিয়ে সরকারি জমি আত্মসাৎ করেছেন মিরপুরের মো. ইউসুফ আলী দেওয়ান। সাত লাখ ১১ হাজার ৪৩৬ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ডক শ্রমিক বোর্ডের সাবেক সহকারী অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা (বাজেট ও ফান্ড) মো. মহিউদ্দিন গাজীর বিরুদ্ধে। জালিয়াতি করে টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের সাবেক সহকারী ব্যবস্থাপক আবুল কালাম আজাদ তিনটি সঞ্চয়পত্র দিয়ে ২০০৩ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে একবারের জায়গায় তিনবার নগদায়ন করে মোট ২৪ লাখ ১১ হাজার ৬১২ টাকা এবং মেসার্স ইসলাম গার্মেন্টসের মালিক মো. শেখ শহীদুল ইসলামসহ দুই ব্যংক কর্মকর্তা মিলে ব্যাংক থেকে অতিরিক্ত অর্থ তুলে আত্মসাৎ করেছেন। এলসির বিপরীতে ঋণ নিয়ে মো. আজিজুল রহিম ওরফে মো. সেলিমসহ দুই ব্যক্তি ২০ লাখ ৮৮ হাজার ৬৬০ টাকা আত্মসাৎ করেছেন। স্বাক্ষর জাল করে ভুয়া ভাউচার অনুমোদন দেখিয়ে ১৭ লাখ ২৯ হাজার ৫৬১ টাকা আত্মসাৎ করেছেন ভোলার বাংলাবাজারের হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নূর আলম। বিদেশে টাকা পাচারের অভিযোগ: গিয়াসউদ্দিন আল মামুন ও তারেক রহমানের বিরুদ্ধে সিঙ্গাপুরের অ্যাকাউন্টে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা পাচারের মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক। হাতেনাতে গ্রেপ্তার: পাঁচ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) কর্মকর্তা ও সাবেক সিভিল সার্জন মো আব্দুস ছোবহান।