১১ মাসে বিচার বহির্ভূত হত্যার শিকার ৬৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের গত ১১ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ৬৭ জন। একই সময়ে গুম হয়েছেন ২৪ জন নাগরিক। মানবাধিকারবিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান ‘অধিকার’ এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। আজ শনিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়। এতে উল্লেখ করা হয়, বিচারবহির্ভূত হত্যার মধ্যে ৫১ জনকে কথিত ক্রসফায়ারে এবং বাকিদের নির্যাতন, গুলি করে অথবা পিটিয়ে হত্যা করা হয়েছে। গত ১১ মাসে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে মারা পড়েছেন ৩৪ জন বাংলাদেশি নাগরিক। তবে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে রাজনৈতিক কারণে। ১১ মাসে রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ১৫২ জন।প্রতিবেদন অনুযায়ী, দেশে গত ১১ মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৭৬০ জন নারী। যৌন হয়রানির শিকার হয়েছেন ৪৫৯ জন। যৌতুকের কারণে সহিংসতার ঘটনা ঘটেছে ৭৭১টি। আর অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন ৯৭ জন। প্রতিবেদনে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডজনিত বিপর্যয় বন্ধে সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়, পোশাকশিল্প প্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যার সমাধান করতে হবে এবং কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা, অগ্নিনির্বাপণ-ব্যবস্থা ও নিয়মিত মহড়া চালু করতে হবে।