১১ মাসে ১৮১৭টি মামলা প্রত্যাহারের সুপারিশ
সরকার গতকাল পর্যন্ত ১১ মাসে মোট এক হাজার ৮১৭টি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করেছে। এগুলোর মধ্যে কিছু কিছু এরই মধ্যে প্রত্যাহারও করা হয়েছে। তবে এর প্রকৃত পরিসংখ্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারেনি। কারণ, মামলাগুলো প্রত্যাহার করেন আদালত। আদালত থেকে কোনো ফিরতি প্রতিবেদন মন্ত্রণালয়ে দেওয়ার রেওয়াজ নেই।এদিকে গত মাসে সরকার ‘রাজনৈতিক হয়রানিমূলক’ চিহ্নিত করে ১৯৫টি মামলা প্রত্যাহারের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে সুপারিশ করলেও একটিও প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়নি। এসবের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে করা মামলাও রয়েছে।যোগাযোগ করা হলে দুদক চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা ৯৯টি মামলা প্রত্যাহারের সুপারিশ পেয়েছেন। নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশেষভাবে কিছু করার নেই।গতকাল বৃহস্পতিবার বছরের শেষ কর্মদিবসে রাজনৈতিক হয়রানিমূলক চিহ্নিত করে মামলা প্রত্যাহারে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত হয়। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।সভা শেষে সাংবাদিকদের জানানো হয়, ১১টি সভায় মোট ছয় হাজার ৫৮২টি মামলা পর্যালোচনা করা হয়। এর মধ্যে গতকালের সভায় দুদকের ৩১টি ও অন্যান্য অভিযোগের এক হাজার ২৫টি মামলা পর্যালোচনা করা হয়। এসব মামলার মধ্যে দুদকের ২১টি এবং অন্যান্য অভিযোগের ৪৩৭টি মামলাসহ মোট ৪৫৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। এ নিয়ে মোট এক হাজার ৮১৭ মামলা প্রত্যাহারের সুপারিশ করল কমিটি।কোন মামলা রাজনৈতিক বা হয়রানিমূলক, তা নির্ণয়ে আদালতের এখতিয়ার সরকার ব্যবহার করছে কেন? জবাবে আইন প্রতিমন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারার ক্ষমতাবলে সরকার যেকোনো মামলা প্রত্যাহারের সুপারিশ করতে পারে। মামলা প্রত্যাহারের ক্ষমতা আদালতের।গতকাল মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়, এমন উল্লেখযোগ্য কয়েকজন হলেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আলী রেজা, প্রশিকার কাজী ফারুক আহমেদ, সাংসদ অপু উকিল, আবদুর রহমান বদি, মহিউদ্দিন আহমেদ ও হাজি সেলিম।