১১ মে বাংলাদেশ ও মালয়েশিয়ায় ‘দ্য স্পিড’
বাংলাদেশ ও মালয়েশিয়ায় একযোগে মুক্তি পাচ্ছে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘দ্য স্পিড’ ছবিটি। ১১ মে শুক্রবার বাংলাদেশের ২৪টি এবং মালয়েশিয়ার সাতটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে। অ্যাকশন-ধর্মী ছবিটির চিত্রায়ণ করা হয়েছে মালয়েশিয়ার পুত্রজায়া, লঙ্কাবি, সি পোর্ট আর কুয়ালালামপুরে।প্রযোজনার পাশাপাশি ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন এম এ জলিল অনন্ত। প্রথম আলো ডটকমকে অনন্ত বলেন, ‘এটি আমার তৃতীয় ছবি। আমি আসলে প্রতিটি ছবির মধ্য দিয়ে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করি। দ্য স্পিড ছবির মাধ্যমেও সেটাই চেষ্টা করেছি। আমার বিশ্বাস, দ্য স্পিড ছবিটি সিনেমাপ্রেমীদের নিরাশ করবে না।’অনন্ত আরও বলেন, দ্য স্পিড ছবির পরিবেশনার দায়িত্বে আছে প্রযোজনা প্রতিষ্ঠান মনসুন ফিল্মস। এ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের অভিনয়শিল্পীরা। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশের আলমগীর, দিতি ও দিঘি। মালয়েশিয়ার অভিনেত্রী পারভিন, রাশিয়া থেকে স্মাদি, মারনা টাইরাই কিনা, মাডানা, এলিনা কুক, অ্যান্ডোলসা ডারমানসিস, ইসমাদি বিন রিজি, ইতালির নিনো ও জানেট দোখস, দক্ষিণ আফ্রিকার মাইক বোস এবং ইরানের ডিজুলাইনি বিন মালেক ও মারগিজা আবদুরজা।‘দ্য স্পিড’ ছবিটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। তিনি ছবি মুক্তি-পূর্ববর্তী এক মতবিনিময় সভায় বলেন, ‘মালয়েশিয়ার বিভিন্ন নয়নাভিরাম লোকেশনে চিত্রায়িত জমজমাট একটি অ্যাকশন-ধর্মী কাহিনির এ ছবিটি দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনবে।’ তিনি বলেন, ‘দ্য স্পিড ছবির মাধ্যমে বাংলাদেশের সিনেমায় এক নতুন দিনের সূচনা হবে।’‘দ্য স্পিড’ ছবিটির সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির, হূদয় খান ও শওকত আলী ইমন। কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, হাবিব ওয়াহিদ, ন্যান্সি, হূদয় খান, মিলা, তিশমা ও রন্টি।