১১ লাখ গরুর জন্য ৫০ হাজার টিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ বিভাগ এবং জেলার সিভিল সার্জনের কার্যালয় থেকে অ্যানথ্রাক্স বা তড়কা রোগের প্রতিকারের জন্য সচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে। বলা হচ্ছে, এ রোগ থেকে রক্ষা পেতে সুস্থ গবাদিপশুকে নিয়মিত বছরে একবার টিকা দিতে হবে।কিন্তু সরকারি হিসাবে গতকাল মঙ্গলবার পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় মোট টিকা আছে মাত্র ৫০ হাজার। আর গরু আছে ১১ লাখ ১৯ হাজার ২৭৬টি। ছাগল আছে দুই লাখ ৯১ হাজার ৪৫০ এবং ভেড়া আছে ৪৬ হাজার ৯৫০টি। ফলে সব গবাদিপশুকে টিকা দেওয়া সম্ভব নয়।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম প্রথম আলোকে জানান, প্রতিবছর সব সুস্থ গবাদিপশুকে একবার টিকা দিতে পারলে ভালো। তাহলে হয়তো কোনো প্রাণীরই রোগ হতো না। কিন্তু প্রাণিসম্পদ বিভাগের নিজস্ব কৌশল আছে। আক্রান্ত এলাকায় বেশি করে টিকা দেওয়া হয়, যাতে রোগ ছড়াতে না পারে। এ জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাড়ি বাড়ি গিয়ে গবাদিপশুকে টিকা দেওয়ার জন্য জেলার প্রাণিসম্পদ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর দাবি, যথেষ্ট টিকা মজুদ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে, আতঙ্কের কিছু নেই। তবে অ্যানথ্রাক্স রোগে সিরাজগঞ্জে একজন মারা গেছেন বলে সন্দেহ করছে প্রশাসন। মৃত ব্যক্তির নাম আবদুল আলিম (৩২)। শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের এ বাসিন্দা গত ২৮ মে মারা যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন, আবদুল আলিম অ্যানথ্রাক্সেই মারা গেছেন। যদিও এখনো কোনো পরীক্ষা করা হয়নি।গতকাল ইউএনও, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন এবং নরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক ঘটনাস্থলে যান। তাঁরা আবদুল আলিমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।আলতাফ হোসেন জানান, ২১ মে একটি অসুস্থ গরু জবাই করা হয়। সেই মাংস কাটার সঙ্গে জড়িত ছিলেন আলিম। এতেই তিনি আক্রান্ত হন। আলিমের ভাই জুলফিকার আলী জানান, ওই মাংস খাওয়ার পর আলিমের জ্বর আসে। সাত দিন পর জ্বর তীব্র হলে একপর্যায়ে কথা বন্ধ হয়ে যায়। পরে তাঁকে সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালে নিলে সেখানেই মৃত্যু হয়। ওই হাসপাতালের চিকিৎসক আবদুল লতিফ প্রথম আলোকে জানান, আলিমের ঠোঁটে ও হাতের আঙুলে অ্যানথ্রাক্সের ক্ষত ছিল। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সিরাজগঞ্জের দুটি উপজেলায় আরও ১৫ রোগীর সন্ধান পাওয়া গেছে। কামারখন্দে ছয়জন, বেলকুচির আদাচাকি গ্রামে দুজন এবং নতুন আরেকটি গ্রাম গয়নাকান্দিতে সাতজন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা সবাই অসুস্থ গরু বা ছাগল জবাই কিংবা মাংস খেয়েছিলেন। এ নিয়ে এ জেলায় মোট ১১২ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হলেন।বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গয়নাকান্দি গ্রামের জনৈক হাসানের দুটি ছাগল অসুস্থ হয়ে পড়লে ৭ ও ৯ আগস্ট সেগুলো জবাই করা হয়। যারা এই মাংস কাটাকাটির সঙ্গে জড়িত ছিল, তারাই রোগে আক্রান্ত হয়েছে। ওই গ্রামে এই প্রথম এ রোগের সন্ধান পাওয়া গেল। এ ছাড়া বেলকুচি উপজেলার আদাচাকি গ্রামের আলামিন (১৩) ও সালমা (১০) নামে দুজন নতুন করে আক্রান্ত হয়েছে। এর আগে ওই গ্রামে ২২ জন আক্রান্ত হয়।কামারখন্দ উপজেলার ধোপাকান্দি গ্রামে গতকাল ছয়জন এ রোগে আক্রান্ত হয়। কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল আজিজ জানান, এই এলাকায় এর আগে ৩৪ জন এই রোগে আক্রান্ত হয়। মঙ্গলবার নতুন আরও ছয় রোগীর সন্ধান পাওয়া গেছে। অসুস্থ গরু কাটার সঙ্গে ছিল আক্রান্তরা: ঢাকা থেকে আসতে বঙ্গবন্ধু সেতু পার হলেই সিরাজগঞ্জের কড্ডা মোড়। সেখান থেকে বাঁয়ে একটি নিচু রাস্তা চলে গেছে কামারখন্দের দিকে। সেখানকার ধোপাকান্দি গ্রামে গতকাল কথা হয় অ্যানথ্রাক্সে আক্রান্ত উজ্জ্বল মিয়া (২০) ও আলপনা খাতুনের (২৬) সঙ্গে। তাঁরা প্রথম আলোকে জানান, শবে বরাতের আগে তাঁদের এলাকায় দুটি অসুস্থ গরু জবাই করা হয়। তাঁরা ওই গরুর মাংস কাটার সঙ্গে জড়িত ছিলেন। কিছুদিন পর দেখেন, তাঁদের শরীরের বিভিন্ন জায়গায় বড় বড় ফোসকা উঠেছে।সিরাজগঞ্জে এই রোগ কেন: প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, রোগটা নতুন নয়। সারা বিশ্বেই এই রোগ আছে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রাণীদের এই রোগ হয়। তবে সিরাজগঞ্জে গবাদিপশুর সংখ্যা বেশি হওয়ায়্রএই রোগের প্রকোপ বেশি। দেশের একমাত্র দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবস্থিত। এ কারণে শাহজাদপুরে গরুর সংখ্যা দেশের অন্য যেকোনো উপজেলার চেয়ে বেশি। সরকারি হিসাবে এই উপজেলায় মোট তিন লাখ ৭১ হাজার গরু রয়েছে।টিকা পরিস্থিতি: প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম জানান, অ্যানথ্রাক্স রোগের প্রতিটি টিকার দাম মাত্র ৫০ পয়সা। দেশেই এই টিকা তৈরি করে প্রাণিসম্পদ অধিদপ্তর। তিনি বলেন, প্রাণিসম্পদ কার্যালয়ে টিকা আছে ২৩ হাজার। অন্যান্য উপজেলায় আছে ২৭ হাজার। বুধবার ৮০ হাজার টিকা আসছে। আগামী সপ্তাহে আরও এক লাখ টিকা আসবে। প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী শাহজাদপুরে তিন লাখ ৭১ হাজার, কামারখন্দে ৫০ হাজার ৬০০ এবং বেলকুচিতে দুই লাখ গবাদিপশু আছে। অথচ সারা জেলায় মাত্র ২৫ হাজার গরুকে টিকা দেওয়া হয়েছে। টিকার সংকট আছে কি না, জানতে চাইলে শফিউল ইসলাম বলেন, শতভাগ এলাকায় টিকা দেওয়া সম্ভব নয়। এ পর্যন্ত ২৫ হাজার প্রাণীকে টিকা দেওয়া হয়েছে। জুলাই থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।তদন্ত দলের পরিদর্শন: আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমানের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল কামারখন্দ ও বেলকুচিতে গিয়ে আক্রান্ত লোকজনের সঙ্গে কথা বলে। এ ছাড়া সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ বিভাগের (ভেটেরিনারি) অধ্যাপক আবু হাদি নুর আলীর নেতৃত্বে চার সদস্যের একটি দল সিরাজগঞ্জে আসে। তাঁরা শাহজাদপুর ও বাঘাবাড়ীতে ঘুরেছেন। মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, এই রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। কারণ মানুষ থেকে মানুষে এই রোগ ছড়ায় না। তবে কেউ এই রোগে আক্রান্ত হলে হাসপাতালে যাওয়া উচিত। আর সুস্থ পশুকে ভ্যাকসিন দিলে রোগের আশঙ্কা থাকে না।