১১ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাসই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরে ভালো ভালো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠলেও এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা হয়নি কোনো আবাসিক ব্যবস্থা। মূলত শহরে জায়গার অভাব ও এসব দেখাশোনার সমস্যার কারণেই আবাসনব্যবস্থা করা যাচ্ছে না বলে জানিয়েছেন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা। বগুড়ার অন্যতম বিদ্যাপীঠ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। এক যুগেরও বেশি আগে গড়ে উঠেছে এই শিক্ষাপ্রতিষ্ঠান। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি সারা দেশেই সুনাম কুড়িয়েছে। এখানে প্রায় ৩ হাজার ৮০০ শিক্ষার্থী লেখাপড়া করলেও এদের কোনো আবাসনব্যবস্থা নেই।বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় আশির দশকে স্থাপিত হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ। ভালো শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এর নাম আছে। এখানে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। এখানেও কোনো আবাসনব্যবস্থা না থাকায় বেশির ভাগ শিক্ষার্থীকে মেস বা বাড়ি ভাড়া করে পড়াশোনা চালাতে হচ্ছে। নিশিন্দারা ছাড়াও বৃন্দাবনপাড়া, আটাপাড়া, কাটনারপাড়ায় এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেসে বা বাসা নিয়ে থাকছে।আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন, ‘আমাদের নিজস্ব আবাসন করার ইচ্ছা থাকলেও আর্মড পুলিশ ব্যাটালিয়ন এলাকায় জায়গা না থাকায় তা হচ্ছে না।’ তবে তিনি বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন বলে জানান।২০০৬ সালে শুরু হয়েছে বগুড়ার আরও একটি শিক্ষাপ্রতিষ্ঠান বিয়াম মডেল স্কুল ও কলেজ। এই শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৮০০। এখানে পড়াশোনা করছে বগুড়া জেলার শিক্ষার্থী ছাড়াও রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, জয়পুরহাটের শিক্ষার্থীরা। অথচ এই শিক্ষাপ্রতিষ্ঠানের নেই কোনো আবাসনব্যবস্থা। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, তাঁর প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী বাইরে মেসে থেকে পড়াশোনা করছে। চরম দুর্ভোগের মধ্যে তাঁদের থাকতে হচ্ছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। তাঁদের এসব কষ্টের কথা শুনে খুব খারাপ লাগলেও কিছু করতে পারছি না। তিনি জানান, তাঁর ক্যাম্পাসে জায়গা আছে। সরকার যদি এখানে একটি ছাত্রাবাস করে দেয় তাহলে অনেক শিক্ষার্থীর সুবিধা হবে।এ ছাড়া বগুড়া মহিলা কলেজ, বগুড়া কলেজ, আদর্শ কলেজ, জাহিদুর রহমান মহিলা কলেজ, ফকির উদ্দিন স্কুল ও কলেজ, পুলিশ লাইনস স্কুল ও কলেজ, বগুড়া আর্ট কলেজ, বাণিজ্যিক কলেজে শিক্ষার্থীদের জন্য কোনো আবাসনব্যবস্থা নেই। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যারা অধ্যয়ন করছে তাদের অধিকাংশই মেসে থাকে। এসব প্রতিষ্ঠানের অধ্যক্ষরা জানিয়েছেন, নিজেস্ব আবাসবব্যবস্থা করতে না পারার ক্ষেত্রে তাঁদের প্রধান সমস্যা জায়গা। শহরে জায়গার যে দাম তাতে আবাসন করা কঠিন বলে তাঁরা মনে করেন।