১১ সর্বহারার নাম বাদ দেওয়ার সুপারিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী ক্যাম্পে হামলা চালিয়ে চার পুলিশ সদস্যকে হত্যা ও অস্ত্র লুটের মামলার ১১ আসামির নাম প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশসংক্রান্ত জাতীয় কমিটি দুই দফায় (১১ ও ২০তম সভায়) এই আসামিদের নাম প্রত্যাহারের সুপারিশ করেছে। এই ১১ আসামি পূর্ববাংলার সর্বহারা পার্টির (পিবিসিপি সিসি) সদস্য বলে মামলার এজাহারে উল্লেখ ছিল। এখন প্রত্যাহারের কারণ হিসেবে বলা হয়েছে, রাজনৈতিকভাবে হয়রানির জন্য তাঁদের আসামি করা হয়েছে।এদিকে সিরাজগঞ্জ জেলায় চরমপন্থী সংগঠনগুলোর তৎপরতা বৃদ্ধির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠির জবাবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বলেছে, রান্ধুনীবাড়ী ক্যাম্পের পুলিশ হত্যা মামলা থেকে কয়েকজন আসামির নাম প্রত্যাহারের সুপারিশ করার ফলে সিরাজগঞ্জে চরমপন্থী সংগঠনগুলো রাজনৈতিক ছত্রচ্ছায়ায় তাদের কার্যক্রম বাড়াতে অনুপ্রাণিত হয়েছে। চিঠিতে বলা হয়, তবে র‌্যাব তাদের দমনে তৎপর আছে।র‌্যাব চরমপন্থী সংগঠনের সদস্যদের বিরুদ্ধে নেওয়া আইনি কার্যক্রমকে রাজনৈতিক হয়রানিমূলক মামলার বিবেচনায় না আনার সুপারিশ করেছে। তারা বলেছে, চরমপন্থী সংগঠনগুলোকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও আশ্রয় না দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর স্থানীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।মামলার এজাহারে বলা হয়েছে, ২০০২ সালের ১৬ সেপ্টেম্বর বিকেলে নুরুল ইসলামের নেতৃত্বে পূর্ববাংলার সর্বহারা পার্টির ৫০-৬০ জন সশস্ত্র সদস্য বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী গ্রামের অস্থায়ী পুলিশ ক্যাম্পটি ঘিরে গুলিবর্ষণ করে। এতে চারজন পুলিশ নিহত হন। তারা ক্যাম্প থেকে সাতটি এসএলআর, এসএলআরের ১৪৪টি গুলি, দুটি রাইফেল ও রাইফেলের ৩০টি গুলি লুট করে নিয়ে যায়।এ ঘটনায় সুবেদার আবদুল হান্নান বাদী হয়ে বেলকুচি থানায় একটি মামলা (জিআর ৫৬২ (ক)/২০০২) করেন। পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাতজন কর্মকর্তা পর্যায়ক্রমে মামলাটি তদন্ত করেন। সর্বশেষ ২০০৮ সালের ১৪ নভেম্বর সিআইডির কর্মকর্তা আবদুর রশিদ ৩৯৬/৩৪ ধারায় ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।১১ আসামি: বেলকুচি উপজেলার বয়রার চরের হাবিবুর রহমান, নুরুল ইসলাম তালুকদার ওরফে মন্টু, মো. সেলিম ও আলতাফ নাইয়্যা; বেলকুচির চরের আরব আলী; মূলকান্দির চরের আবেদিন ফকির ওরফে জয়নাল আবেদিন ও মতিন ফকির; বড়বেড়া খারুয়া এলাকার শফিকুল ইসলাম ওরফে রুবাত ও নুরুজ্জামান; বাগ বাড়ুয়ার আবদুর রহিম সরকার এবং বেড়া খারুয়ার চরের মো. কামাল বক্স।মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রশিদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, মামলার বিষয়ে না জেনেই ১১ আসামির নাম প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বলে মনে হচ্ছে। তা না হলে এ ধরনের মামলা থেকে আসামিদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করার কথা নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে এই ১১ জনকে আসামি করার প্রশ্নই ওঠে না। আসামি নুরুল ইসলাম তালুকদার ১৯৯৯ সালের মাঝামাঝি কথিত মোমিন নামের সর্বহারা দলনেতার সঙ্গে হাত মিলিয়ে একটি বাহিনী গঠন করেন। এরপর নুরুল লোকজন নিয়ে তাঁর চাচা প্রয়াত চান তালুকদারের সব জমি দখল করে নেন। মোমিন ও নুরুল তাঁদের দলবল নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে চর এলাকা থেকে যমুনা নদীর পশ্চিম পারের গ্রামগুলোতে গিয়ে তাঁত মালিক ও রং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতে শুরু করেন।সূত্র জানায়, ২০০৯ সালের ১৮ মে সিরাজগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তখনকার জেলা প্রশাসক হুমায়ূন কবীরের সভাপতিত্বে সভায় মামলা থেকে ওই ১১ আসামির নাম প্রত্যাহারের সুপারিশ করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত ছক পূরণ করে গত বছরের ২৫ মে ১০ আসামির এবং ১৪ জুন আরেক আসামির নাম প্রত্যাহারের সুপারিশ করে দুটি পত্র জাতীয় কমিটির কাছে পাঠানো হয়।সিরাজগঞ্জ সিআইডি অফিস সূত্র এবং মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, আসামিরা পূর্ববাংলার সর্বহারা পার্টির সদস্য এবং তাঁরা পরিকল্পিতভাবে ওই হত্যাকাণ্ড ও লুটপাট চালান। এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগও বেশ কয়েকজন আসামির বিরুদ্ধে রয়েছে। এই মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া যমুনা নদীর বেলকুচির চর এলাকার আসামিদের মধ্যে ইউসুফ আলী, আবদুর রাজ্জাক, আনোয়ার হোসেন সরকার, আবদুল গফুর নাইয়্যা, সাইদুল ইসলাম, সেরাজুল ইসলাম সিকদার ও আলতাফ হোসেন নাইয়্যা ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া লিখিত জবানবন্দিতে অভিযোগপত্রভুক্ত অপর আসামিদের নিয়ে পুলিশ হত্যা ও লুটের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।সিরাজগঞ্জ র‌্যাবের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, যাঁরা ক্যাম্প লুট করেছিলেন, তাঁদের নাম মামলা থেকে প্রত্যাহারের সুপারিশ করার পর এলাকায় চরমপন্থীদের তৎপরতা বেড়ে গেছে। ক্যাম্প লুটের আসামিরা মানুষ জবাই থেকে শুরু করে নদীপথে ডাকাতি, চুরিসহ ভয়ংকর সব কর্মকাণ্ড করছে। রাজনীতিবিদেরা এভাবে চরমপন্থীদের মামলা প্রত্যাহারে সহায়তা করায় এ এলাকায় অপরাধ বেড়ে গেছে বলে দাবি করেন তিনি।জানতে চাইলে মামলা প্রত্যাহারসংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে জাতীয় কমিটি সিদ্ধান্ত নেয়। জাতীয় কমিটির পক্ষে কোনো মামলার এত ভেতরে গিয়ে আসামির ব্যাপারে খোঁজখবর নেওয়া সম্ভব নয় বলেই জেলা কমিটি করা হয়েছে। ফলে জেলা কমিটির কাছেই বিষয়টি জানতে চাওয়া উচিত, তারা কেন এমন আসামিদের নাম মামলা থেকে প্রত্যাহারের সুপারিশ করল।প্রতিমন্ত্রী বলেন, এই আসামিদের ব্যাপারে কোনো অভিযোগ থাকলে পুনরায় কমিটি বিষয়টি পর্যালোচনা করবে।মামলা প্রত্যাহারসংক্রান্ত সিরাজগঞ্জ জেলা কমিটির তখনকার প্রধান হুমায়ূন কবীর (বর্তমানে নেত্রকোনার জেলা প্রশাসক) গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, পিপির আইনগত মতামত পর্যালোচনা করে সভা সিদ্ধান্ত নিয়েছে। পিপির মতামত অনুযায়ী এরা সবাই রাজনৈতিক নেতা-কর্মী, যাঁদের এ মামলায় আসামি করা হয়েছে। এখন আদালত যদি মনে করেন, তবে অবশ্যই বিষয়টি পর্যালোচনা করতে পারেন।সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুর রহমান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, স্থানীয় নেতাদের এবং উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সুপারিশ থাকায় এই ১১ জন আসামির নাম প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এই আসামিদের নাম প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, এটি খুবই আলোচিত মামলা। যদি আসামিরা সত্যিই চরমপন্থী হয়, তবে তাদের নাম প্রত্যাহারের সুপারিশ অবশ্যই বাতিল করা হবে। তিনি বলেন, ‘চরমপন্থীদের এভাবে ছাড় দেওয়া মোটেও ভালো কথা নয়। বিষয়টি খতিয়ে দেখতে আমি কাল (রোববার) সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছি।’{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সিরাজগঞ্জের নিজস্ব প্রতিবেদক এনামুল হক}