১১ সর্বহারার নাম বাদের বিষয়ে তদন্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী ক্যাম্পে হামলা চালিয়ে চার পুলিশ সদস্যকে হত্যা ও অস্ত্র লুটের মামলার ১১ আসামির নাম প্রত্যাহারের সুপারিশের বিষয়টি তদন্ত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিরাজগঞ্জ জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারসংক্রান্ত জাতীয় কমিটি অনুমোদনের পর আদালতে এসব আসামির নাম প্রত্যাহারের আবেদন করা হয়। গতকাল প্রথম আলোয় ‘১১ সর্বহারার নাম বাদ দেওয়ার সুপারিশ’ শিরোনামে খবর প্রকাশের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন আসামিদের আবেদনপত্রে কারা সুপারিশ করেছিলেন এবং কিসের ভিত্তিতে জাতীয় কমিটি এই নাম প্রত্যারের সুপারিশ করেছে, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি বিস্মিত! কী করে পুলিশ হত্যার এবং অস্ত্র লুটের মামলার আসামিদের নাম প্রত্যাহারের সুপারিশ করা হলো।’ তিনি বলেন, ‘আমি নিজেও ওই কমিটির সহসভাপতি। সম্ভবত মামলা প্রত্যাহারসংক্রান্ত বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়নি, যে কারণে বিষয়টি নজরে আসেনি।’প্রতিমন্ত্রী বলেন, ‘সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমি পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি। রাজনৈতিক মামলা প্রত্যাহারসংক্রান্ত কমিটির পরবর্তী বৈঠকেও বিষয়টি উত্থাপন করা হবে।’মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল দুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর একান্ত সচিবকে ডেকে মামলার নথিপত্র তলব করার নির্দেশ দেন। মামলার অভিযোগপত্রে আসামিদের বিষয়ে কী বিবরণ ছিল, তাদের আবেদনে দলীয় কোনো নেতা-কর্মী, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সাংসদের সুপারিশ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।যোগাযোগ করা হলে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘২০০৯ সালের ১৭ মে আমি সিরাজগঞ্জে পুলিশ সুপার পদে যোগ দিই। এক দিন পর ১৮ মে জেলা প্রশাসকের কার্যালয়ে যে সভা হয়েছিল, সেখানে এই মামলার ১০ জন আসামির নাম প্রত্যাহারের বিষয়টি উত্থাপন করা হয়। কিন্তু আমি তাদের নাম প্রত্যাহারে ব্যাপারে তীব্র আপত্তি জানাই। আমার আপত্তির পরিপ্রেক্ষিতে সে সভায় নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়নি। ২০ মে আমি প্রশিক্ষণের জন্য অস্ট্রেলিয়া যাই।’ সূত্র জানায়, গত ২৫ মে জেলা প্রশাসকের কার্যালয়ে মামলা প্রত্যাহারসংক্রান্ত কমিটির সভায় আবার ১১ আসামির নাম প্রত্যাহারের বিষয়টি উত্থাপন করা হয়। বৈঠকে উপস্থিত তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম এতে আপত্তি জানান। কিন্তু কমিটি সিদ্ধান্ত নিলে অনিচ্ছাকৃত হলেও তাঁকে প্রস্তাবে স্বাক্ষর করতে হয়।পুলিশ সুপার বলেন, ‘এরপর ৮ জুন আরেকটি সভায় অন্য একজন আসামির (আলতাফ নাইয়্যা) নাম প্রত্যাহারের আবেদন আলোচনায় উঠলে আমি আবার আপত্তি জানাই। ওই সভায় এই নাম প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত হয়নি। পরে অন্য মামলা প্রত্যাহারের জন্য জেলা কমিটির করা সুপারিশ পাঠালে আমি তাতে স্বাক্ষর করি। কিন্তু এসব মামলার ভেতরে ওই আসামির নাম প্রত্যাহারের বিষয়টি দৃষ্টি এড়িয়ে যায়।’