১১ সর্বহারার পক্ষে মন্ত্রীর সুপারিশ!
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী পুলিশ ক্যাম্পে হামলা, পুলিশ হত্যাসহ অস্ত্র লুটের মামলা থেকে নাম প্রত্যাহারের জন্য আওয়ামী লীগের প্যাডে ১১জন সর্বহারা আলাদা আলাদা আবেদন করেছিলেন।আওয়ামী লীগের বেলকুচি উপজেলা শাখার প্যাডে করা প্রতিটি আবেদনে সুপারিশ করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস এবং আওয়ামী লীগের স্থানীয় সাধারণ সম্পাদক ফজলুল হক।জানতে চাইলে মন্ত্রী লতিফ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘১১ জনের জন্য নয়, ১০ জনের নাম প্রত্যাহারের জন্য আমি সুপারিশ করেছি।’ তাঁর দাবি, এ আসামিরা সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী। ২০০২ সালে এঁদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শনিবার আমি সিরাজগঞ্জে গিয়ে জেলা কমিটির বৈঠক ডাকব, ওই বৈঠক থেকে সরকারের কাছে প্রকৃত ঘটনা তদন্ত করার দাবি জানানো হবে।’সূত্র জানায়, মন্ত্রী সুপারিশে লিখেছেন, ‘প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করছি।’ একই আবেদনে বেলকুচি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিখেছেন, ‘রাজনৈতিক মামলা হিসেবে বিবেচনা করার জন্য সুপারিশ করছি।’এ আবেদনে সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাঁর সুপারিশে লিখেছেন, ‘দরখস্তকারীর নাম অত্র মামলা হইতে প্রত্যাহার করার জন্য অগ্রগামী করা হইল।’মন্ত্রী ও সাধারণ সম্পাদক সুপারিশ করেছেন ২০০৯ সালের ১ মে, পিপি সুপারিশ করেছেন একই বছরের ১৪ মে।আবেদনে একজন আসামিকে যুবলীগের ত্যাগী ও মাঠপর্যায়ের কর্মী বলা হয়েছে। তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি বলে আবেদনে দাবি করা হয়। অথচ সিআইডির তদন্তকারী কর্মকর্তার দাখিল করা অভিযোগপত্রে এসব আসামির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে বলে উল্লেখ আছে।