১১ সাংবাদিককে এবার ডিইউজে থেকে বহিষ্কার
সাগর সরওয়ার-মেহেরুেন রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধনে হামলার অভিযোগে ১১ সদস্যকে বহিষ্কার করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। একই সঙ্গে ডিইউজের সব ইউনিটে তাঁদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।বহিষ্কৃত সাংবাদিকেরা হলেন—এটিএন বাংলার বার্তাপ্রধান জহিরুল ইসলাম মামুন (জ ই মামুন), বিশেষ প্রতিনিধি কেরামত উল্লাহ বিপ্লব, মাহমুদুর রহমান, নাদিরা কিরণ, মানস ঘোষ ও শওকত মিলটন, জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম বাবু ও মাহফুজ রহমান মিশু এবং নিজস্ব প্রতিবেদক রাহাত মিনহাজ ও মঈনুল আহসান। অন্যজন হলেন ভোরের কাগজের প্রতিবেদক শামীম আহমেদ। ইতিমধ্যে তাঁদের ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকেও বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার ডিইউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। ১১ জনকে স্থায়ীভাবে বহিষ্কারের পাশাপাশি সাগর-রুনির হত্যার ঘটনাকে ভিন্ন দিকে ধাবিত করার অভিযোগে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের গ্রেপ্তার দাবি করা হয়। গত ২৪ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধনে ডিইউজের এক নেতা বক্তব্য রাখলে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ ডিইউজে এ সিদ্ধান্তের কথা জানাল।