৯/১১ হামলার সঙ্গী হতে চেয়েছিলেন লাদেন
যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলায় জঙ্গি বোমারুদের সঙ্গী হতে চেয়েছিলেন নিহত আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন। মার্কিন অর্থনীতিতে ধস নামাতে জঙ্গিদের সঙ্গে যাত্রীবাহী বিমানে তিনিও হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। নিউইয়র্কের একটি আদালতে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে অভিযুক্ত সাজিদ বাদাত নামে ব্রিটিশ এক নাগরিক তাঁর দেওয়া সাক্ষ্যে এ তথ্য জানান।নিউইয়র্কের ব্রুকলিনের একটি আদালতে গত সোমবার সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত আদিস মেদুনজানিন নামে এক মার্কিনের বিচারকালে বাদাত ভিডিও লিংকের মাধ্যমে এ সাক্ষ্য দেন। দুই স্কুলবন্ধুর সঙ্গে নিউইয়র্কের পাতাল রেলে বোমা হামলা পরিকল্পনার জন্য মেদুনজানিনকে অভিযুক্ত করেন নিউইয়র্কের ওই আদালত।বাদাত তাঁর বক্তব্যে বলেন, ‘ওসামা বলেছিলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি একটি চেইনের মতো। যদি আপনি সে চেইনের একটি লিংক নষ্ট করে দেন, তবে গোটা ব্যবস্থা ভেঙে পড়বে।’৩৩ বছর বয়সী বাদাতকে লন্ডনে অভিযুক্ত করা হয়। জুতার নিচে রাখা বোমার সাহায্যে প্যারিস থেকে মায়ামিগামী একটি বিমান ধ্বংসের পরিকল্পনার কারণে তিনি অভিযুক্ত হন।নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বাদাতের বক্তব্য নিউইয়র্কের পাতাল রেলে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয়। তবে আফগানিস্তান ও পাকিস্তানে আল-কায়েদার শিবিরগুলোতে প্রশিক্ষণের ব্যাপারে তথ্য উদঘাটনে তাঁর বক্তব্য ভূমিকা রাখতে পারে।