১১টি চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক চূড়ান্ত
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরকালে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়কে অন্তর্ভুক্ত করে ‘উন্নয়ন সহযোগিতার রূপরেখা চুক্তি’ সই হবে। তবে ট্রানজিট নিয়ে ব্যাপক আলোচনা হলেও এ মুহূর্তে কোনো চুক্তি কিংবা প্রটোকল নয়, একটি সম্মতিপত্র সই হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকে সইয়ের জন্য ১১টি চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী কাল ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন। ১৯৯৯ সালের পর ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটাই প্রথম দ্বিপক্ষীয় ঢাকা সফর।এদিকে তিস্তার পানি বণ্টনের হিস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মতপার্থক্যের কারণে ঢাকা সফর বাতিল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সিদ্ধান্তের ফলে তিস্তার পানি বণ্টন চুক্তির বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল রোববার মনমোহনের সফর উপলক্ষে তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন, তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টনের পাশাপাশি সহযোগিতার সমন্বিত রূপরেখা চুক্তি সই হবে। রূপরেখা চুক্তিতে যোগাযোগ, বাণিজ্য, নিরাপত্তা, পানিসহ দুই দেশের জাতীয় স্বার্থের বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি এই অঞ্চলের সহযোগিতার বিষয়টি বিবেচনায় এনে দুই দেশের সহযোগিতার বিষয়গুলো এতে থাকছে। তিস্তার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, সহযোগিতা ও সাম্যের ভিত্তিতে অভিন্ন নদীর পানি বণ্টন চুক্তিটি হবে। পানি বণ্টন হবে ন্যায্যতার ভিত্তিতে।দীপু মনি বলেন, শীর্ষ বৈঠকে ছিটমহল ও অপদখলীয় ভূমি হস্তান্তর এবং সাড়ে ছয় কিলোমিটার সীমানা চিহ্নিতকরণের বিষয়ে ’৭৪-এর সীমান্ত নির্ধারণ চুক্তির আলোকে একটি প্রটোকল এবং সুন্দরবনের বাঘ রক্ষার বিষয়ে আরেকটি প্রটোকল সই হবে। এ ছাড়া দুই দেশের রেলওয়ে খাতে সহযোগিতা, বিটিভি-দূরদর্শনের সহযোগিতা, ঢাকা বিশ্ববিদ্যালয়-জওহরলাল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা, সুন্দরবন সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং মৎস্যসম্পদ খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে।দীপু মনি বলেন, গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে যে বিরাট যাত্রা শুরু হয়েছে, মনমোহন সিংয়ের সফরে তা চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে।সফরসঙ্গী: পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা ও পানিসম্পদমন্ত্রী পবন কুমার বানসাল ছাড়াও সীমান্তবর্তী পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী মনমোহনের সফরসঙ্গী হিসেবে ঢাকায় আসছেন। তাঁরা হলেন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার মানিক সরকার, আসামের তরুণ গগৈ, মেঘালয়ের মুকুল সাংমা ও মিজোরামের পু লালথানওয়ালা। তবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলার এক ঘণ্টা পর কলকাতা থেকে জানা গেল, মমতা আসছেন না।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকায় ১৩৭ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য থাকবেন প্রায় ৫০ জন।ট্রানজিট নিয়ে চুক্তি নয়: দীপু মনি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় ট্রানজিটের বিষয়ে একটি সম্মতিপত্র সই হবে। এর আওতায় বিভিন্ন সময়ে সই হওয়া প্রটোকল অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি ভবিষ্যতে যেসব প্রটোকল, এসওপি সই হবে, তা-ও যুক্ত হবে। এই সম্মতিপত্রে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা শুধু ভারত নয়, উপ-আঞ্চলিক কাঠামোর আওতায় নেপাল ও ভুটানকেও ট্রানজিট দেব। এ বিষয়টি বিবেচনায় এনে সম্মতিপত্র সই হবে।’সফরসূচিপ্রথম দিন: বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতের একটি বিশেষ বিমানে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ১২টায় তাঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গার্ড অব অনার ও ভিভিআইপি লাউঞ্জে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে।সোয়া ১২টায় মনমোহন সিং সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করবেন। বেলা একটায় মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। একটা ৫০ মিনিটে তিনি সোনারগাঁও হোটেলে পৌঁছাবেন।বিকেল চারটার পর প্রথমে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মনমোহন সিংয়ের সঙ্গে সোনারগাঁও হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন।ভারতের প্রধানমন্ত্রী বিকেল পাঁচটায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ৩০ মিনিট একান্তে বৈঠক করবেন। এরপর দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আনুষ্ঠানিক বৈঠক হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক সই হবে।রাত আটটায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে যোগ দেবেন মনমোহন সিং।দ্বিতীয় দিন: সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘বাংলাদেশ, ভারত ও দক্ষিণ এশিয়া’ শীর্ষক বক্তব্য দেবেন মনমোহন সিং। অনুষ্ঠান শেষে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বঙ্গভবন থেকে যাবেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। এরপর প্রথমে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, পরে বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মনমোহন সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।বিকেল পাঁচটা ২৫ মিনিটে দেশে ফেরার জন্য বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন।