৩০তম বিসিএস প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার দুই নম্বর সেটের পরীক্ষার্থীদের ১১টি ভুল প্রশ্নের বিপরীতে ১১ নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত ফলাফল প্রকাশের নির্দেশ দিয়ে রিট আবেদনটি নিষ্পত্তি করেছেন। আজ রোববার দুপুরে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিজি প্রেসের তদন্ত কর্মকর্তাদের প্রতিবেদন গ্রহণ না করে কমিটির সদস্য সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন, পরিচালক বিবেকান্দন বিশ্বাস ও পরিচালক মজিবর রহমানকে ৭ অক্টোবর আদালতে হাজির হয়ে প্রতিবেদনের ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। প্রসঙ্গত, ওই প্রতিবেদনে অভিযুক্তদের সহানুভূতির দৃষ্টিতে দেখার সুপারিশ করা হয়। জানা গেছে, ৩০ জুলাই দেশের ১১০টি কেন্দ্রে ৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রশ্নপত্রের ২ নম্বর সেটে অসংগতি রয়েছে উল্লেখ করে পরীক্ষা বাতিলের দাবিতে গত ৮ আগস্ট শফিউল ইসলাম মণ্ডলসহ ১৯ পরীক্ষার্থী হাইকোর্টে এই রিটটি করেন। ওই দিন সরকারপক্ষ সময়ের আবেদন করলে আদালত শুনানি না-হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ না করার মৌখিক নির্দেশ দিয়েছিলেন।