১১টি মার্কিন তেল রিগ জাতীয়করণ করছে ভেনেজুয়েলা
যুক্তরাষ্ট্রের হেলমেরিক এবং পেইনে কোম্পানি দুটির ১১টি তেল রিগকে জাতীয়করণ করবে ভেনেজুয়েলা। দীর্ঘকাল যাবৎ তেল উত্পাদন হ্রাস ও অর্থনৈতিক মন্দার বিরুদ্ধে সংগ্রামরত সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের এটি সর্বশেষ পদক্ষেপ। গত তিন বছরে শ্যাভেজ কয়েক বিলিয়ন ডলার মূল্যের তেল প্রকল্প ও যন্ত্রপাতি জাতীয়করণ করেছেন। দক্ষিণ আমেরিকার প্রধান তেল রপ্তানিকারক এ দেশটির মুখ্য শিল্পগুলোর ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বাড়ানোর এক কর্মসূচির অংশ হিসেবে শ্যাভেজ এই জাতীয়করণ করলেন।গতকাল বুধবার ভেনেজুয়েলার তেলমন্ত্রী রাফায়েল রামিরেজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর কাছ থেকে পাওনা আদায় নিয়ে এক বিরোধের জের ধরে ওই তেল রিগগুলো কয়েক মাস ধরে বন্ধ ছিল। তিনি বলেন, রিগগুলো জাতীয়করণ করার ফলে সেগুলো আবার উৎপাদন শুরু করবে।তেলসমৃদ্ধ অঙ্গরাজ্য জুলিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রামিরেজ বলেন,‘ড্রিল মালিকদের একটি দল আছে, যেটি পিডিভিএসএর সঙ্গে শুল্ক ও কাজের ব্যাপারে আলোচনা করতে অস্বীকার করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে তারা বরং তাদের এসব যন্ত্রপাতি গুদামজাত করে রাখবে।’ তিনি বলেন, হেলমেরিক এবং পেইনে কোম্পানি দুটির তেল রিগ জাতীয়করণের এটাই হচ্ছে মূল কারণ। রামিরেজ আরও বলেন, যে প্রতিষ্ঠানগুলো তেলকূপ খননকাজ চালিয়ে যেতে অস্বীকার করেছিল তাদের উদ্দেশ্য ছিল শ্যাভেজ সরকারকে দুর্বল করা, যা ২০০৮ সাল থেকে তেল উৎপাদনকে ব্যাহত করছে এবং চলমান মন্দার সময়ে ভেনেজুয়েলার অর্থনৈতিক ক্ষতি করছে।