১১টি হত্যা মামলা গতি পাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম ও তাঁর ছেলে ইসলাম তমহরের মৃত্যু হয় ২০০৮ সালের ৩ ডিসেম্বর। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় খুনের মামলা করা হয়; কিন্তু এত দিনেও মামলা তদন্তে কোনো অগ্রগতি নেই। যে ভাড়া বাসায় তাঁরা আগুনে পুড়ে মারা গেছেন, দুই বছর ধরে সেটি বন্ধ করে রেখেছে পুলিশ। বাড়ির মালিক এখন বাসাটি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। এটি চাঞ্চল্যকর মামলা হিসেবে তদারকি সেলে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে তদন্ত এগোচ্ছে না বলে অভিযোগ উঠেছে।শুধু নুরুল ইসলামের ঘটনা নয়; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক ও আওয়ামী লীগের নেতা ইব্রাহিম আহমেদ হত্যাসহ মোট ১১টি আলোচিত মামলার তদন্তের অবস্থা একই রকম। গত বছর বা তারও আগে এগুলো তদারকি সেলে অন্তর্ভুক্ত করা হয়। সর্বশেষ ৭ ডিসেম্বর এসব মামলা নিয়ে তদারকি সেলের সভা হয়।সূত্র জানায়, তদারকি সেলে তালিকাভুক্ত হওয়ার পর এসব মামলার তদন্ত কর্মকর্তারা তাকিয়ে আছেন সেলের নির্দেশনার দিকে; কিন্তু তদারকি সেল থেকে তাঁরা কোনো দিকনির্দেশনাও পাচ্ছেন না। গত এক বছরে সেলের সভা হয়েছে মাত্র দুটি। এসব কারণে আলোচিত ১১টি মামলার তদন্ত এগোচ্ছে না। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এসব মামলার তদন্তের দায়িত্বে রয়েছে।জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রথম আলোকে বলেন, বছরজুড়ে নানা ধরনের অনুষ্ঠান ও বৈঠকের কারণে তদারকি সেলের বৈঠক ডাকতে দেরি হচ্ছে। তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া, তাড়াহুড়োর কিছু নেই। তবে শিগগিরই বৈঠক ডেকে অগ্রগতি জানতে চাওয়া হবে এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলেই প্রতিটি খুনের বিচার হবে। এ নিয়ে কারও সংশয় থাকা উচিত নয়।সিআইডির একজন পদস্থ কর্মকর্তা এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত জটিল ও সময়সাপেক্ষ ব্যাপার। হঠাৎ করে তদন্তের অগ্রগতি হয় না। সিআইডি সব সময় নির্ভুল তদন্ত করে, এতে সময় বেশি লাগতেই পারে।নুরুল ইসলাম হত্যা: গত ৭ ডিসেম্বর তদারকি সেলের বৈঠকে সিআইডির উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ সরবরাহ থেকে আগুন লাগার সম্ভাবনা নেই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ মনে করে না। ৬৮তম বৈঠকে এ মামলাটি আরও গভীরভাবে তদন্ত করে রহস্য উদ্ঘাটনের পরামর্শ দেওয়া হয়।গতকাল যোগাযোগ করা হলে নুরুল ইসলামের স্ত্রী সাংসদ রুবী রহমান বলেন, ‘দুই বছর কেটে গেল, কেন যে মামলার তদন্তে অগ্রগতি হচ্ছে না, বুঝতে পারছি না। যেহেতু চাঞ্চল্যকর মামলা হিসেবে এটি তদারকি সেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই বোঝা যাচ্ছে, সরকার এ ঘটনাকে গুরুত্ব দিয়েছে।’ রুবী রহমান বলেন, যে বাসায় ঘটনা ঘটেছে, দুই বছর ধরে সেটি বন্ধ করে রাখা হয়েছে আলামতের জন্য; কিন্তু দুই বছরে তো আলামত নষ্ট হয়ে যাওয়ার কথা। অন্যদিকে বাড়ির মালিক চাপ দিচ্ছেন ভাড়া পরিশোধ করে বাড়িটি ছাড়ার জন্য। এ মামলার তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র দাখিল করার অনুরোধ জানান তিনি।ফারুক হত্যা মামলা: আসামি গ্রেপ্তার ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের জন্য মামলা নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে বলে সিআইডি তাদের দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেছে। রাজশাহী সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জামায়াতে ইসলামীর ২৯ নম্বর ওয়ার্ডের সভাপতি গিয়াসউদ্দিন গ্রেপ্তারের পর নিজের জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি এ মামলার এজাহারভুক্ত ২৬ জনের নাম বলেছেন। ঘটনায় ব্যবহূত আগ্নেয়াস্ত্র, বিস্ফোরকদ্রব্য উদ্ধার ও পলাতক আসামি গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে। ৬৮তম সভায় এ মামলায় তদন্ত অব্যাহত রাখতে এবং অনিবার্য কারণ ছাড়া তদন্ত কর্মকর্তা পরিবর্তন না করার জন্য বলা হয়।ফারুক হোসেনের বাবা ফরিদুর রহমান বলেন, ‘এ মামলার কোনো অগ্রগতি হয়নি। কেউ এ ব্যাপারে আমাদের কাছে আসেও না। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিনি না, সিআইডিকেও চিনি না। আমি সরকারের কাছে আমার সন্তান হত্যার বিচার চাই।’ইব্রাহিম হত্যা মামলা: গত বছরের ১৩ আগস্ট জাতীয় সংসদ ভবন এলাকায় ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের গাড়িতে তাঁর লাইসেন্স করা পিস্তলের গুলিতে খুন হন রমনা থানা আওয়ামী লীগের নেতা ইব্রাহিম আহমেদ। গত ডিসেম্বর মাসে এটি চাঞ্চল্যকর মামলা হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদারকি সেলে (মনিটরিং সেল) অন্তর্ভুক্ত করা হলেও তদন্তে কোনো অগ্রগতি নেই। মূল পরিকল্পনাকারী এখনো গ্রেপ্তার হয়নি বলে ইব্রাহিমের স্বজনেরা অভিযোগ করেন।ইব্রাহিমের স্ত্রী রীনা বেগম বলেন, ‘প্রায় এক বছর হয়ে গেল, কিন্তু মামলার কোনো অগ্রগতি নেই। আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছি, কিন্তু কারও সহানুভূতি পাইনি।’অহিদুজ্জামান রুমিছ হত্যা মামলা: ব্যবসা-সংক্রান্ত বিরোধের কারণে বিদেশে পলাতক সন্ত্রাসী আলমগীর ও নবীরের নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে সিআইডির প্রতিবেদনে উল্লেখ করা হয়। আসামি গ্রেপ্তার ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের কারণে এ মামলার তদন্ত শেষ করতে বিলম্ব হচ্ছে। এ মামলায় সন্দেহভাজন ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ছয়জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা ১১ জনের নাম প্রকাশ করেছেন। তবে পলাতক আসামি বিল্লালের সঠিক ঠিকানা পাওয়া যায়নি। নবীর ও আলমগীর বিদেশে আছেন। এ বিষয়ে তদন্ত চলছে।অহিদুজ্জামান রুমিছের বোন সৈয়দা রুবিনা আক্তার বলেন, ‘দিনের পর দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ধরনা দিচ্ছি, কিন্তু মামলার অগ্রগতি হচ্ছে না। আসামিরা ঘুরে বেড়াচ্চ্ছে আমাদের চোখের সামনে। আমার ভাইয়ের মৃত্যুর পর আমার মা খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন। এই অবস্থায় আমাদের শুধু আল্লাহর ওপর ভরসা করা ছাড়া আর কিছু করার নেই।’১১টি চাঞ্চল্যকর মামলার মধ্যে অন্যগুলো হচ্ছে: চট্টগ্রামে এইচআরসি শিপিংয়ের জাহাজ এমভি বঙ্গবিরাজের থার্ড অফিসার মুসা বিন সিরাজ হত্যা মামলা, রায়পুরায় মুসাপুর গ্রামে চারজনকে হত্যা, গুলশানে শিশু আলিফ হোসেন হত্যা, নড়াইল জেলার লোহাগড়া থানার ইতনা গ্রামে মফিজুর রহমান হত্যা, ইঞ্জিনিয়ার এস এম শফিক উল-মওলা হত্যা, আদাবরের রকিব নেওয়াজ শেখ হত্যা এবং গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম হত্যা মামলা।