১১০ দিনের রিমান্ড চাইবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্ক গ্রুপের গ্রেপ্তার হওয়া ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ ও মহাব্যবস্থাপক তুষার আহমেদকে আজ বেলা তিনটার দিকে সেগুনবাগিচার দুদক কার্যালয় থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।১১টি মামলায় তাঁদের প্রত্যেককে ১০ দিন করে মোট ১১০ দিনের রিমান্ড আবেদন জানাবে দুদক। দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন।এর আগে আজ বেলা একটা দিকে তাদেরকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে নিয়ে আসা হয়। বেলা সোয়া একটা থেকে দুদকের কর্মকর্তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।গতকাল রোববার রাতে রাজধানীর মিরপুর থেকে তানভীর ও তুষারকে গ্রেপ্তার করে র্যাব। তুষার আহমেদ সম্পর্কে তানভীর মাহমুদের ভায়রা। তাঁদের কাছ থেকে পাঁচটি ব্ল্যাকবেরি মুঠোফোন, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি গুলি ও দুই লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়।এর আগে শনিবার দিবাগত রাত তিনটা থেকে গতকাল ভোর ছয়টা পর্যন্ত সাভারের তেঁতুলঝড়ায় হলমার্কের স্থাপনায় তানভীরের খোঁজে অভিযান চালায় র্যাব।তানভীর মাহমুদ সোনালী ব্যাংকের কর্মকর্তাদের সহায়তায় ব্যাংকটির রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে দুই হাজার ৬০০ কোটি টাকার বেশি অর্থ আত্মসাত্ করেছেন। আত্মসাতের ঘটনা ফাঁস হওয়ার পর গত পাঁচ মাস তিনি প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন। এ ঘটনায় কে মামলা করবে—এ নিয়েও সময়ক্ষেপণ হয়েছে। ফৌজদারি মামলা না করার জন্য সরকারের বিভিন্ন মহলে তদবির করেছেন তিনি। একাধিক মন্ত্রী ও উপদেষ্টার বাড়িতে ঘুরেছেন।গত ২৪ মে হলমার্ক গ্রুপের কারসাজি নিয়ে ‘প্রথম আলো’য় প্রথম সংবাদ প্রকাশিত হয়। এরপর প্রায় সাড়ে তিন মাস ধরে গণমাধ্যমে আলোচিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) জিজ্ঞাসাবাদের জন্য তানভীরকে তলব করে। গত ২ সেপ্টেম্বর একটি নম্বর ছাড়া পাজেরো গাড়িতে দুদক কার্যালয়ে হাজির হন তানভীর। এরপর ২ অক্টোবর জাতীয় সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির ডাকে হাজির হয়ে ঋণ-প্রক্রিয়ায় অনিয়মের বিষয়টি স্বীকার করেন তিনি। ৪ অক্টোবর তানভীর ও তাঁর স্ত্রী ওই গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ২৭ জনের বিরুদ্ধে এক হাজার ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১১টি মামলা করে দুদক।