সংসদে প্রশ্নোত্তর: শুল্কমুক্ত সুবিধায় গাড়ি কেনা
১১০০ কোটি টাকা কর রেয়াত পান এরশাদসহ ৩১৫ সাংসদ
শুল্কমুক্ত গাড়ি কেনার মাধ্যমে নবম জাতীয় সংসদের ৩১৫ জন সাংসদ এক হাজার কোটি টাকার বেশি শুল্ককর রেয়াত পেয়েছেন। তাঁদের মধ্যে হুসেইন মুহম্মদ এরশাদও রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ ৩৫ জন সাংসদ শুল্কমুক্ত সুবিধায় গাড়ি কেনেননি।জাতীয় সংসদে গতকাল সোমবার প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। শহীদুজ্জামান সরকারের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ৩১৫ জন সাংসদকে শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধা দেওয়ায় সরকারকে প্রায় এক হাজার ১০০ কোটি টাকার কর রেয়াত দিতে হয়েছে। দুই শতাধিক সাংসদ টয়োটা, ল্যান্ডক্রুজার, প্রাডো অথবা স্টেশন ওয়াগন কিনেছেন। ১৮ জন সাংসদ কিনেছেন ভক্সওয়াগন টুরেজ। বাকিরা অন্যান্য মডেলের গাড়ি কিনেছেন। বেশির ভাগ সদস্য দুই থেকে চার কোটি টাকার কর রেয়াত পেয়েছেন। বেশ কয়েকজন সাংসদের পাওয়া কর রেয়াতের পরিমাণ ছয় কোটি টাকার বেশি।শুল্কমুক্ত সুবিধায় গাড়ি না কেনা মন্ত্রীদের তালিকায় আছেন: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিমানমন্ত্রী ফারুক খান, ভূমিমন্ত্রী রেজাউল করিম, সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক।শুল্কমুক্ত সুবিধায় গাড়ি না কেনা অন্য সাংসদেরা হলেন: জাকির হোসেন (কুড়িগ্রাম-৪), ইসহাক হোসেন তালুকদার (সিরাজগঞ্জ-৩), এস কে আবু বাকের (নড়াইল-২), নারায়ণচন্দ্র চন্দ (খুলনা-৫), শওকত মোমেন শাহজাহান (টাঙ্গাইল-৮), আবদুস সালাম (ময়মনসিংহ-৯), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬), সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন (মাদারীপুর-৩), সাবেক সাংসদ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ (গাজীপুর-৪), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২), সৈয়দ মোহসীন আলী (মৌলভীবাজার-৩), এম আবদুল লতিফ (চট্টগ্রাম-১০), জোবেদা খাতুন (নারী আসন-১২), হাসিনা মান্নান (নারী আসন-৪৮), পিনু খান (নারী আসন-৪৯), জাতীয় পার্টির নূর-ই হাসনা লিলি চৌধুরী (নারী আসন-৪৩), বিএনপির শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ (কুমিল্লা-৩), বরকত উল্লাহ (নোয়াখালী-৩) ও সালাউদ্দিন কাদের চৌধুরী (চট্টগ্রাম-২)।আসমা জেরীনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত চার বছরে কৃষি ও পল্লিঋণ হিসেবে কৃষকদের মধ্যে প্রায় ৪৩ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে ৩০টি বেসরকারি ব্যাংক কৃষি ও পল্লিঋণ হিসেবে দুই হাজার ৬০৮ কোটি ২৭ লাখ টাকা বিতরণ করেছে। নুরুন্নবী চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে নোট জালকারী চক্রের অপতৎপরতা প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক প্রতিরোধ আইন নামে একটি আইনের খসড়া প্রস্তুত করেছে। সেখানে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের বিধান রাখার প্রস্তাব রয়েছে।তিন হাজার ৬০৯ কোটি টাকা বিদেশে: ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন জানান, টেলিটক ছাড়া বিদেশি মুঠোফোন কোম্পানিগুলো দুই বছরে তিন হাজার ৬০৯ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে। তারা চার বছরে বিনিয়োগ করেছে দেড় হাজার কোটি টাকা।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেল পৌনে পাঁচটায় সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।