১১১ অনুচ্ছেদ প্রয়োগে শূন্যতা বিরাজ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক বিচারপতি ও বর্তমান চেয়ারম্যান, আইন কমিশনসমাজের বিরাট ক্যানভাসে হাইকোর্টের দেওয়া রায়টি কিছু দিকনির্দেশনা দিয়েছে। কিন্তু সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী আইনের মর্যাদায় বাধ্যবাধকতার যে রেওয়াজ, তা আমাদের দেশে গড়ে ওঠেনি। এ অনুচ্ছেদ প্রয়োগের ক্ষেত্রে একটি শূন্যতা বিরাজ করছে। সাংবিধানিক বিধানের কার্যকর প্রয়োগ হচ্ছে না। উচ্চ আদালতের রায় মেনে চলায় বাধ্যবাধকতায় কেউ গুরুত্ব দিচ্ছে, কেউ দিচ্ছে না। কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে সুনির্দিষ্ট আইন প্রয়োজন। এর পাশাপাশি জনসমাগমস্থলের জন্য আইন থাকা প্রয়োজন। ‘জনসমাগমস্থল’ বলতে কী বোঝায়, তারও সংজ্ঞা থাকা প্রয়োজন। কোনো স্থানে নারী যাতে নিরাপদে থাকতে পারে, চলাফেরা করতে পারে, যাতায়াত করতে পারে, তার সুরক্ষা দিতে হবে। আমাদের দেশে প্রচলিত দণ্ডবিধির ৫০৯ ধারায় নারীর সঙ্গে অশালীন আচরণের শাস্তির কথা উল্লেখ আছে। পাকিস্তানে এ ধারার অনেক পরিবর্তন এনেছে। অপরাধের সংজ্ঞার আওতা এবং শাস্তির মাত্রা বাড়িয়েছে। ভারতেও অনেক পরিবর্তন আনা হয়েছে। আমাদের দেশে কীভাবে যুগোপযোগী করা যায়, তা নিয়ে ভাবতে হবে। আত্মহত্যার প্ররোচনার জন্য শাস্তির বিধান আছে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপপ্রয়োগ হচ্ছে। যে আইন সমাজের জন্য কল্যাণমূলক, তা সমাজের জন্য দায় হওয়া উচিত নয়। সব ক্ষেত্রেই যুগোপযোগী বিধান থাকা উচিত। যৌন হয়রানি প্রতিরোধের খসড়াটি আইন কমিশন যাচাই-বাছাই করে দেখছে। বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। সর্বস্তরের প্রতিনিধিদের মতামত নেওয়া হচ্ছে। এর ভিত্তিতে একটি কার্যকর আইনের খসড়া তৈরি করে সরকারের কাছে জমা দেওয়া হবে। সরকার দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং আইন আকারে পাস করবে বলেই আশা রাখি।