১১১ মিনিটেই অনেক কিছু
সারা দিনে খেলা হয়েছে দুই ঘণ্টারও (১১১ মিনিট) কম সময়। বোলিং হয়েছে ২৪.৫ ওভার। সাকল্যে রান উঠেছে ৮৯। সবকিছু ছাপিয়ে দিনজুড়ে আলোচনায় ছিল কেবলই কুয়াশা। চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামের দর্শকেরা যে কয়টি উপলক্ষে হাততালি দেওয়ার সুযোগ পেল তার মধ্যে হঠাত্ হঠাত্ কুয়াশা ফুঁড়ে সূর্যের উঁকি দেওয়াও ছিল। কী আশ্চর্য, ম্যাচ রিপোর্ট লিখতে গিয়ে দেখি ‘আবহাওয়া রিপোর্ট’ই লেখা হয়ে যাচ্ছে!ঘন কুয়াশার কারণে কালও খেলা শুরু হয়েছে বেলা ১১টায়। লাঞ্চ পর্যন্ত সবকিছু ঠিকঠাকভাবে চললেও কনকনে ঠান্ডা আর কুয়াশা ছিলই। লাঞ্চের মধ্যেই কুয়াশা আবার ভারী হয়ে ওঠায় লাঞ্চের পরও খেলা শুরু হলো নির্ধারিত সময়ের ১০ মিনিট পর। যদিও বাংলাদেশ কোচ জেমি সিডন্সের মনে হয়েছিল খেলা শুরুর জন্য ওই আলোও যথেষ্ট নয়। কিন্তু আইসিসির নতুন নিয়মে আলোকস্বল্পতা নিয়ে ব্যাটসম্যান বা কোচিং স্টাফের কথা বলার সুযোগ নেই, লাইট মিটারে মেপে আম্পায়াররাই জানাবেন আলোটা খেলার মতো কি না। ইমরুল কায়েস তার পরও নাকি কিছু বলতে চেয়েছিলেন। কিন্তু আম্পায়াররা পাত্তা দেননি খুব একটা। ওই আলোতেই তাই খেলা চলল দুপুর একটা ৫৮ মিনিট পর্যন্ত। আলোকস্বল্পতায় এরপর আবার বন্ধ হয়ে গেল খেলা, আর হলোই না কালকের মতো।দুপুর আড়াইটা, বিকেল তিনটা আর সোয়া চারটায় তিনবার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মাঠে নামেন আম্পায়াররা। লাইট মিটার দিয়ে আলো মেপেছেন। সর্বশেষ পর্যবেক্ষণের পর জানা গেল চূড়ান্ত সিদ্ধান্ত—যথেষ্ট আলো না থাকায় দিনের খেলা ওখানেই শেষ। টেস্টের তৃতীয় দিন, মানে আজ খেলা শুরু হবে সকাল নয়টায়। সিদ্ধান্ত জানাতে হয় বলেই জানানো। নইলে চট্টগ্রামে তো আর ঘড়ি ধরে খেলা শুরু হচ্ছে না এবার! কুয়াশা ফুঁড়ে কখন ফুটে ওঠে খেলার মতো আলো, সবকিছু সেটির ওপরই নির্ভর করছে।আবহাওয়ার প্রতিবন্ধকতা আছে। তার পরও এটা ম্যাচ রিপোর্টই এবং গত দুই দিনের ৮৭.৫ ওভারের খেলাতে আছে অনেক ক্রিকেটই। ভারতের শচীন টেন্ডুলকার এই টেস্টেই করেছেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ২৬৬ ইনিংস খেলার রেকর্ড। বাংলাদেশের সাকিব আল হাসান ভিভিএস লক্ষ্মণকে আউট করে পেয়েছেন নিজের ৫০তম টেস্ট উইকেট। টেন্ডুলকার আর সাকিব রেকর্ড দুটো পরশু করে ফেললেও শুধু কালকের ১১১ মিনিটের খেলায়ও তো কম ঘটনা থাকল না!দিনটা বাংলাদেশ শুরু করেছিল ভারতকে যত তাড়াতাড়ি সম্ভব অলআউট করে দেওয়ার লক্ষ্যে। সেটা পূরণ হয়েছে ৭.৫ ওভারেই। দিনের পঞ্চম ওভারে ইশান্তকে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে প্রথম আঘাতটা শাহাদাতের। টেস্ট ক্রিকেটে তাঁর তৃতীয় পাঁচ উইকেট পাওয়ার আনন্দ মিলিয়ে যেতে না-যেতেই একই রকম উল্লাসে নেচে উঠলেন সাকিব। শেষ ব্যাটসম্যান শ্রীশান্ত তাঁর বলেই সিলি পয়েন্টে ক্যাচ ইমরুল কায়েসের হাতে। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ষষ্ঠবারের মতো পাঁচ উইকেট নিয়ে ভারতের ইনিংসটাকে ওখানেই শেষ করে দেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম ইনিংসের শেষ দৃশ্য থেকে ভারতের যেটা পাওয়ার ছিল, সেটা অবশ্য তারাও পেয়েছে। ভারতীয় ইনিংসে কাল যে ৩০ রান যোগ হয়েছে, পাঁচ বাউন্ডারি আর সাকিবকে লংঅন দিয়ে মারা এক ছক্কায় টেন্ডুলকারের একারই তাতে ২৯। ইশান্তকে ফেরানোর ওভারেই শাহাদাতকে পর পর দুই বাউন্ডারি মেরে শুধু টেস্টে নিজের ৪৪তম সেঞ্চুরিটাই পূর্ণ করেননি, নিজেকে আরও একবার চেনালেন টেন্ডুলকার। বীরেন্দর শেবাগের অহংকারের জবাবে বাংলাদেশি বোলাররা যে রকম তেতে উঠেছিল, টেন্ডুলকার দেয়াল হয়ে না দাঁড়ালে ভারতের প্রথম ইনিংসের করুণ পরিণতি হতে পারত। যেটা হয়েছে সেটাও কম নয়, ভারতের ২৪৩ রান বাংলাদেশের বিপক্ষে টেস্টে অষ্টম সর্বনিম্ন স্কোর।কিন্তু বাংলাদেশের ইদানীংকালের গর্ব তো ব্যাটিং নিয়ে। এবার যে সেটারই ভেঙেচুরে যাওয়ার উপক্রম! ৫৩ রানের ওপেনিং জুটিতে তামিম ইকবাল ও ইমরুল কায়েস ভীষণই বেপরোয়া হয়ে উঠেছিলেন। বিশেষ করে তামিম, লাঞ্চের আগে মাত্র ৪ ওভার ব্যাট করেই বাংলাদেশের ২১ রান এবং চার বাউন্ডারিতে ২১-ই তাঁর একার! জহির খানের বলে বোল্ড হওয়া তামিম তো বটেই, এলবিডব্লিউ হওয়া ইমরুলকেও দিন শেষে বাজে শট খেলার দায়ে অভিযুক্ত করেছেন কোচ জেমি সিডন্স। তবে আইসিএল-ফেরত শাহরিয়ার নাফীস ভালো শট-বাজে শট কোনোটা খেলারই সুযোগ পেলেন না ঠিকমতো। তিন নম্বরে নেমে জহির খানকে দ্বিতীয় বলেই হুক করে বাউন্ডারি পেলেও ইশান্তের পরের ওভারে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন ড্রেসিংরুমে। বিনা উইকেটে ৫৩ রান থেকে মাত্র ১১ বল আর ৫ রানের মধ্যে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৫৮! আলোকস্বল্পতায় খেলা শেষ হওয়ার আগে স্কোরবোর্ডে যোগ হয়েছে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে অপরাজিত থাকা রকিবুল হাসানের ১ রান।আশরাফুল-রকিবুলরা আজ তৃতীয় দিনে বাংলাদেশকে কত দূর টেনে নিতে পারবেন কে জানে, তবে এই টেস্টের ভবিষ্যত্ এখন সবচেয়ে বেশি নির্ভর করছে আবহাওয়ার ওপর। বাংলাদেশ-ভারত টেস্ট যখন চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে, সেটা অবশ্য হতেই পারে। এ মাঠে দুই দল এর আগে টেস্ট খেলেছে একটাই। ২০০৭ সালের মে মাসের সেই টেস্টকেও ঠিকভাবে শেষ হতে দেয়নি বৈরী আবহাওয়া। পার্থক্য—সেবার খলনায়ক ছিল বৃষ্টি, এবার কুয়াশা।