নিম্ন আদালতের বিচারকদের পদোন্নতি ও বদলির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার বিধান পুনর্মুদ্রিত সংবিধানে রাখা হয়নি। তবে পুনর্মুদ্রিত সংবিধান প্রকাশের এক সপ্তাহ পর সমালোচনার মুখে আইনমন্ত্রী দাবি করেছেন, এটি মুদ্রণপ্রমাদ; মানে ভুলবশত বাদ গেছে গুরুত্বপূর্ণ বিধানটি।নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা বিধান সম্পর্কে ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বলা আছে, ‘বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচারবিভাগীয় দায়িত্ব পালনে রত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল-নির্ধারণ, পদোন্নতিদান ও ছুটি-মঞ্জুরীসহ) ও শৃঙ্খলাবিধান সুপ্রিমকোর্টের উপর ন্যস্ত থাকিবে।’ সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতা বিচার বিভাগ থেকে নিয়ে রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করা হয়। তবে পঞ্চম সংশোধনীর (আদালতের রায়ে অবৈধ ঘোষিত) মাধ্যমে এ ক্ষেত্রে কিছুটা ভারসাম্য এনে নিম্ন আদালতের বিচারকদের বদলি ও শৃঙ্খলা বিধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ সাপেক্ষে রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করা হয়।কিন্তু পুনর্মুদ্রিত সংবিধানে ১১৬ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করা-সংক্রান্ত পঞ্চম সংশোধনীর অংশটুকু নেই। এতে এ ক্ষেত্রে সংবিধানের চতুর্থ সংশোধনী ফিরে এসেছে। অর্থাত্ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ না করেই রাষ্ট্রপতি নিম্ন আদালতের বিচারকদের পদোন্নতি ও বদলির ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন।সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে দেওয়া আদালতের রায়ে এই অনুচ্ছেদ থেকে পঞ্চম সংশোধনীর অংশটুকু বাদ দেওয়ার কথা বলা হয়নি। বরং আদালত অনুচ্ছেদটিকে ১৯৭২-এর আদলে ফিরিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে দায়িত্বটি সংসদের ওপর ছেড়ে দেন।এ বিষয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘১১৬ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে নিম্ন আদালতের বিচারকদের পদোন্নতি ও বদলিসংক্রান্ত যে বিধান রয়েছে, তা ভুলক্রমে বাদ পড়েছে। এ ক্ষেত্রে আমরা রেমেডি (প্রতিবিধান) দিয়ে ভুল সংশোধন করে দেব। অর্থাত্ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করেই রাষ্ট্রপতি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’কিন্তু বিচার বিভাগ, সংসদ সচিবালয় ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনেকেই বিষয়টিকে নিছক মুদ্রণজনিত ভুল বলে মানতে রাজি নন। তাঁদের মতে, বুঝেশুনেই ১১৬ অনুচ্ছেদ কাটছাঁট করা হয়েছে। যুক্তি হিসেবে তাঁরা বলছেন, গত বছরের আগস্টে আইন মন্ত্রণালয় পঞ্চম সংশোধনী মামলাসংক্রান্ত আদালতের রায় পর্যালোচনা করে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটির কাছে যে পর্যবেক্ষণ প্রতিবেদন পাঠিয়েছিল, তাতেও ১১৬ অনুচ্ছেদ বাদ রাখা হয়েছিল। প্রতিবেদনটি তাঁরা ওই সময় আইন কমিশনেও পাঠান।সূত্র জানিয়েছে, পুনর্মুদ্রিত সংবিধানে ১১৬ অনুচ্ছেদ বহাল না থাকলে পঞ্চম সংশোধনী বাতিল করে দেওয়া রায়ের পর থেকে নিম্ন আদালতের সব ধরনের বদলি ও পদোন্নতি অবৈধ হয়ে যাবে। যে কারণে মন্ত্রণালয় এখন বিষয়টি মুদ্রণবিভ্রাট বলে দাবি করছে।সংবিধান সংশোধনের জন্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান এবং সুরঞ্জিত সেনগুপ্তকে কো-চেয়ারম্যান করে গত বছরের ২১ জুলাই ১৫ সদস্যের বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়। ১২ অক্টোবর কমিটির ষষ্ঠ বৈঠকে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে আদালতের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিধান অনুযায়ী পুনর্মুদ্রণের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের ওপর বর্তায়। মন্ত্রণালয় চার মাসের বেশি সময় পরীক্ষা-নিরীক্ষা করে সংবিধান পুনর্মুুদ্রণ করে গত ১৪ ফেব্রুয়ারি তা বিশেষ কমিটির কাছে হস্তান্তর করে।সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, বিশেষ কমিটি এখন পর্যন্ত সংবিধানের শুরুর দিকের কয়েকটি অনুচ্ছেদ পর্যালোচনা করেছে। সম্পূর্ণ সংবিধান পর্যালোচনার পর সংবিধানের কোন কোন অনুচ্ছেদ সাংঘর্ষিক এবং কোনটি আদালতের রায়ের পরিপন্থী, তা চিহ্নিত করা সম্ভব হবে।একই বিষয়ে নিম্ন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব এ এস এস এম জহিরুল হক বলেন, সংবিধান মুদ্রণে কতটা ত্রুটি বা বিচ্যুতি আছে, সেটা আদালতের দেখার বিষয়।