১১৭ দিনে খালেদা জিয়া সংসদে গেছেন চার দিন
নবম জাতীয় সংসদে গত বৃহস্পতিবার পর্যন্ত ১১৭ কার্যদিবসের মধ্যে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া মাত্র চার দিন অধিবেশনে যোগ দিয়েছেন। বিরোধীদলীয় নেত্রী না এলেও বিরোধী দলের সদস্যরা এখন পর্যন্ত গড়ে সংসদে উপস্থিত আছেন ৩২ কার্যদিবস। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত ৯৩ কার্যদিবস উপস্থিত ছিলেন।বিরোধীদলীয় নেত্রী চার দিনের মধ্যে দুই দিন অধিবেশনে এসেই ওয়াকআউট করে চলে যান। বাকি দুই দিন মোটামুটি পুরো সময় তিনি সংসদে ছিলেন।বিএনপির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, ইস্যুভিত্তিক ওয়াকআউট ছাড়া কোনো দল বা জোট সংসদের সেশন বা বৈঠক বর্জন করতে পারবে না। কোনো সংসদ সদস্য সংসদের অনুমোদন ছাড়া ৩০ দিনের অধিক অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ শূন্য হবে।এর আগে অষ্টম সংসদে ৩৭৩ কার্যদিবসের মধ্যে তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৫ দিন উপস্থিত ছিলেন। আর তখন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন ৪৫ দিন।সপ্তম সংসদে মোট ৩৮২ কার্যদিবসের মধ্যে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ২৮ দিন উপস্থিত ছিলেন। তবে তাঁর দলের সদস্যরা ২১৯ কার্যদিবস উপস্থিত ছিলেন। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯৮ দিন উপস্থিত ছিলেন।গত তিনটি সংসদের উপস্থিতি বিশ্লেষণ করে দেখা যায়, বিরোধী দলে থাকলে সংসদে উপস্থিতির হার কমে যায়।চলতি সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দল উপস্থিত ছিল। অধিবেশনের শেষ দিনে তারা ওয়াকআউট করে। এরপর টানা ১০ মাস বর্জনের পর গত ১১ ফেব্রুয়ারি খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা সংসদে ফেরেন। সংসদে যোগ দিয়ে কিছুক্ষণ পরই তাঁরা ওয়াকআউট করেন। এরপর বিরোধী দলের সদস্যরা সংসদে এলেও বিরোধীদলীয় নেত্রী আর আসছেন না। এমনকি রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার শেষ দিনে বিরোধীদলীয় নেত্রীর ভাষণ দেওয়ার কথা থাকলেও তিনি সংসদে আসেননি। গত বৃহস্পতিবার বিরোধীদলীয় নেত্রীর অনুপস্থিতিতেই এ প্রস্তাব পাস হয়।বর্তমান সংসদের প্রথম দিন ২০০৯ সালের ২৫ জানুয়ারি রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধীদলীয় নেত্রী সংসদে যোগ দিয়েছিলেন। রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে ওই দিনই তাঁর নেতৃত্বে বিরোধী দল ওয়াকআউট করে।বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বিরোধীদলীয় নেত্রীর সংসদে অনুপস্থিতি প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, সবসময় বিরোধীদলীয় নেত্রীকে সংসদে থাকতে হবে এমন কোনো কথা নেই। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলে অবশ্যই তিনি সংসদে এসে কথা বলবেন। তবে সংসদে না এলেও সংসদ কার্যক্রমের সব খবর তিনি রাখেন। তা ছাড়া বিরোধীদলীয় নেত্রী সংসদে আসুন, সরকারি দল তা চায় না।সংসদের চিফ হুইপ আবদুস শহীদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক, বিরোধীদলীয় নেত্রী সংসদে আসেন না। সংসদে এসে যতক্ষণ খুশি বক্তব্য দেওয়ার পরও কেন তিনি আসেন না, তা সবার ভাবার বিষয়।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি মোজাফ্ফর আহমদ প্রথম আলোকে বলেন, ‘সংসদে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতেই বিরোধীদলীয় নেত্রীর সংসদে বেশি উপস্থিত থাকা দরকার। কিন্তু আমাদের দেশে বিরোধী দলে গেলে কেউ সংসদে আসতে চান না—এটা সংসদীয় গণতন্ত্রের জন্য ক্রমেই সংকটময় হয়ে উঠছে।