১২ ও ১৩ আগস্ট হরতাল ডেকেছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর প্রতিবাদে দলটি আগামীকাল শনিবার দেশব্যাপী বিক্ষোভ এবং ঈদের পর আগামী ১২ ও ১৩ আগস্ট সারা দেশে ৪৮ ঘণ্টার লাগাতার হরতালের ডাক দিয়েছে।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এসব কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে বলা হয়, মানুষের কষ্টের কথা চিন্তা করে ঈদের আগে হরতাল দেওয়া হয়নি। তবে সামনে কর্মসূচি অব্যাহত থাকবে।এদিকে হাইকোর্টের রায়ের পর গতকাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা।জামায়াতের বিবৃতিতে হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় বলা হয়, সরকার জামায়াতকে নির্বাচনের বাইরে রাখার যে পরিকল্পনা গ্রহণ করেছে এবং একদলীয় নির্বাচনের যে চক্রান্ত করছে, এ রায়ের মাধ্যমে সেই ষড়যন্ত্র বাস্তবায়নের ব্যবস্থা হয়েছে মাত্র। জনগণ এ রায় মানে না।জামায়াত মনে করে, ‘রিট আবেদনটি সম্পূর্ণ অপরিপক্ব। কারণ, নিবন্ধনের পুরো প্রক্রিয়া এখনো নির্বাচন কমিশনের বিবেচনাধীন। এ অবস্থায় রিট চলতে পারে না। ভারত, যুক্তরাজ্য, এমনকি আমাদের দেশেও এ বিষয়ে উচ্চ আদালতের অনেক নজির রয়েছে। জামায়াতের আইনজীবীরা সেসব নজির আদালতে উপস্থাপন করেছেন। কিন্তু আদালত সেসব অগ্রাহ্য করেছেন।’বিবৃতিতে দাবি করা হয়, সংবিধানের ৩৮ অনুচ্ছেদের অধীনে জামায়াত একটি রাজনৈতিক দল হিসেবে কাজ করার অধিকার রাখে। এই অধিকার অব্যাহত আছে। হাইকোর্ট ডিভিশনের একটি বৃহত্তর বেঞ্চে জামায়াতের নিবন্ধন বাতিলের যে রায় ঘোষিত হয়েছে, তা একটি ভুল রায়। এ রায়ের মাধ্যমে সরকারের রাজনৈতিক উদ্দেশ্যের প্রতিফলন ঘটেছে।গাড়ি ভাঙচুর, আগুন ও সড়ক অবরোধ: প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় ঘোষণার পর গতকাল বেলা তিনটার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সায়েদাবাদের দিকে যাওয়ার সড়কে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও রাস্তায় আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ এলে পালিয়ে যান তাঁরা।বিকেল চারটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা ধানমন্ডিতে আবাহনী ক্লাবের সামনে চারটি ককটেল বিস্ফোরণ ঘটান।পুলিশ জানিয়েছে, ইফতারের পরে রাত আটটার দিকে ডেমরা রোডে যানজটে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। এর মধ্যে দুটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক ও একটি লেগুনা রয়েছে। শিবিরের হামলা ও অগ্নিসংযোগের পর যাত্রীরা হুড়মুড় করে বাস থেকে নেমে যান।পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম বলেন, ২০-২৫ জনের একটি মিছিল থেকে যানজটে দাঁড়িয়ে থাকা গাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়। হামলাকারীরা স্টারলাইন পরিবহনের একটি বড় বাস, গ্লোরি পরিবহনের একটি মিনিবাস ও বালুবাহী একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।ঢাকার বাইরে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর হয়েছে বলে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন। এর মধ্যে বগুড়ায় ব্যাপক তাণ্ডব চালান জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁরা শহরের বারপুর, বনানী মোড়, স্টেশন রোড ও বগুড়া-ঢাকা দ্বিতীয় বাইপাস মহাসড়কে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কাশেম মোড়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন জামায়াত-শিবিরের কর্মীরা। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে শত শত যানবাহন আটকা পড়ে।পাবনা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে, কুমারখালীতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কে ও জয়পুরহাটে বগুড়া সড়কে অবরোধ সৃষ্টি এবং সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ায় দুটি গাড়ি ভাঙচুর করে অবরোধ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ ছাড়া তাঁরা লক্ষ্মীপুর, চাঁদপুর, ফরিদপুর, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল বের করেন।