১২ কারারক্ষী নিহত, ৯০ বন্দীর পলায়ন
ইরাকের তিকরিত শহরের একটি কারাগারে গতকাল বৃহস্পতিবার রাতে সশস্ত্র জঙ্গিরা হামলা চালিয়েছে। এতে ১২ জন কারারক্ষী নিহত হন। কারাগার থেকে পালিয়ে যায় ৯০ বন্দী। ওই এলাকায় কারফিউ জারি করা হয়েছে। আজ শুক্রবার কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।আত্মঘাতী এক হামলাকারী তাসফিরাত কারাগারের ফটকে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বাগদাদ থেকে ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ওই কারাগারে সংঘর্ষের একপর্যায়ে জঙ্গিরা কারাগারের সব ফটকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তবে সালাহদ্দিন প্রদেশের পুলিশ জানায়, নিরাপত্তা বাহিনী কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে। ওই কারাগারে কয়েক শ বন্দী রয়েছে, যাদের বেশ কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত।হামলাকারীরা কারাগার থেকে পুলিশের ব্যবহূত একটি গাড়ি ও কারারক্ষীদের কাছে থাকা অস্ত্র লুট করে।