১২ গ্রামের মানুষের দুর্ভোগ
একটি সেতুর অভাবে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ও কোষারানীগঞ্জ ইউনিয়নের ১২টি গ্রামের মানুষ দীর্ঘদিন থেকে দুর্ভোগ পোহাচ্ছে। টাঙ্গন নদী তাদের পীরগঞ্জ উপজেলা সদর থেকে আলাদা করে রেখেছে। সেতু না থাকায় নদীর দুই পারের ৩০ হাজারেরও অধিক মানুষকে অতিরিক্ত সাত-আট কিলোমিটার পথ ঘুরে উপজেলা সদরে যাতায়াত করতে হয়। এ অতিরিক্ত পথের দূরত্ব থেকে রক্ষা পেতে অনেক মানুষ প্রতিদিন ‘চিরকুঘাট’ নামক জায়গায় নৌকায় উঠে টাঙ্গন নদী পার হয়। এলাকাবাসী জানায়, নদীর এপারে কোষরানীগঞ্জ ইউনিয়নের রামদেবপুর, গরুরা, ভামদা, নাকাটি, আকাশিল, বৈরামপুরসহ (আংশিক) আটটি গ্রাম এবং নদীর ওপারে কোষাডাঙ্গীপাড়া, দানারহাট, দেবীতলী, শালগড়া, বৈরামপুরের আংশিক, কোঠাপাড়া, ইনুয়া, শিমুলটিয়া ও হরিটা গ্রাম। এসব গ্রামের মানুষ তাদের প্রয়োজনে পায়ে হেঁটে, সাইকেল বা ভ্যানে চড়ে ‘চিরকুঘাটে’ এসে নৌকায় উঠে নদী পার হয়। নদীর ওপারের পাঁচ-ছয়টি গ্রাম থেকে স্কুল, মাদ্রাসা ও কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ প্রতিদিন কয়েক শ মানুষ এপারে আসে। এবং প্রতিদিন দেড় শতাধিক মানুষ নদী পেরিয়ে দানারহাট হয়ে জেলা সদরে যাতায়াত করে। নদীতে পানি থাকার কারণে এসব মানুষকে শুকনো মৌসুমেও ‘চিরকুঘাটে’ নৌকাযোগেই নদী পারাপার হতে হয়। একমাত্র নৌকাই সবার ভরসা।বর্ষাকালে আর কোনো উপায় থাকে না। তখন তাদের সাত-আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঘিডোব অথবা কুঠিআম সেতু দিয়ে যাতায়াত করতে হয়। সেতু না থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওই সব গ্রামের চাষিরা। তাঁরা তাঁদের খেতে উৎপাদিত কৃষিপণ্য এপারের বাজারে আনতে সময় ও পরিবহন খরচ বেশি পড়ে।এলাকাবাসী জানায়, চিরকুঘাট থেকে প্রায় চার কিলোমিটার উত্তরে ঘিডোব গ্রামে এবং তিন কিলোমিটার দক্ষিণে নাকাটি কুঠিআম নামক স্থানে টাঙ্গন নদীর ওপর পুল আছে। কিন্তু এসব পুল দিয়ে পারাপারের জন্য ওই সব গ্রামের মানুষকে অতিরিক্ত সাত-আট কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। নাকাটিহাট উচ্চবিদ্যালয়ের ছাত্র বিনয় কুমার রায় বলেন, ‘চিরকুঘাটে নৌকায় পার হতে খুবই সময় লাগে। এ জন্য সময়মতো স্কুলে পৌঁছাতে পারি না, স্যারদের বকা খেতে হয়।’ভামদা গ্রামের মুক্তিযোদ্ধা কৃষ্ণচন্দ্র রায় বলেন, ‘ঐতিহাসিক চিরকুঘাটে একখানি সেতু নির্মাণের জন্য এক যুগ থেকে দাবি করছি, এলাকাবাসীর পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দু-তিনবার আবেদন-নিবেদন করা হয়েছে কিন্তু কোনো সাড়া মেলেনি।’কোষারানীগঞ্জ ইউপির চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম রাজা বলেন, ‘আমি সব সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি, সংসদ সদস্যকে স্থানীয় জনগণ একাধিকবার বলেছে। আমি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক, কী হয়।’ পীরগঞ্জ এলজিইডির উপজেলা প্রকৌশলী শামীম আহমেদ বলেন, ‘এ ব্যাপারে বিষয়টি সমন্বয় সভায় উত্থাপন করা হবে।’