১২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ চালু
১২ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ চালু হয়েছে। রেলওয়ে সূত্র জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা গতকাল বৃহস্পতিবার রাতে ফেনীর খাজুরিয়াতে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলেন। পরে রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী আন্তনগর গোধূলী ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-চাঁদপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।দুর্ঘটনার খবর পেয়ে লাকসাম ও চট্টগ্রাম থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করে। রাতভর কাজ শেষে ১২ ঘণ্টার বেশি সময় পর আজ সকাল ১০টা ৪০ মিনিটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।গতকাল রাতেই ঢাকা থেকে চট্টগ্রামগামী ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী দুটি তূর্ণা নিশিথা এক্সপ্রেস, ঢাকা থেকে চট্টগ্রামগামী ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী দুটি মেইল, চট্টগ্রাম থেকে সিলেটগামী ও সিলেট থেকে চট্টগ্রামগামী দুটি উদয়ন, সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদসহ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এ কারণে হাজার হাজার যাত্রী দুর্ভোগের শিকার হয়। রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচলন কর্মকর্তা ওমর ফারুক প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।