স্লিপার খুলে নেওয়ায় উপবন লাইনচ্যুত
১২ ঘণ্টা পর ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক (ভিডিও)
আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-সিলেট রেলপথে যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ও ছকাপন স্টেশনের মধ্যবর্তী এলাকায় দুর্বৃত্তরা স্লিপার খুলে ফেললে এ দুর্ঘটনা ঘটে। এ কারণে আজ মঙ্গলবার ভোররাত চারটা ৩৫ মিনিট থেকে বিকেল চারটা ২০ মিনিট পর্যন্ত এ পথে রেল যোগাযোগ বন্ধ ছিল। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ জামায়াত ও বিএনপির চার কর্মীকে আটক করেছে।এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রেলওয়ের বিভাগীয় (পূর্বাঞ্চল) ব্যবস্থাপক সরদার শাহাদাত্ হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কুলাউড়া রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তনগর উপবন ট্রেনটি আজ ভোর চারটা ২৫ মিনিটের দিকে কুলাউড়া রেলওয়ে জংশনে পৌঁছায়। সেখান থেকে ট্রেনটি সিলেটের উদ্দেশে রওনা হয়। ভোর চারটা ৩৫ মিনিটের দিকে ট্রেনটি ঢাকা-সিলেট রেলপথে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ও ছকাপন রেলস্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছালে ইঞ্জিন ও ছয়টি বগি লাইনচ্যুত হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট রেলস্টেশনের সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, দুর্বৃত্তরা একপাশের প্রায় ২০ ফুট রেলপথ তুলে ফেলায় ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে কোনো যাত্রী হতাহত হননি। এটি নাশকতা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুজিবুর রহমান আরও জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শেষ করে। এরপর বিকেল চারটা ২০ মিনিটের দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এখন সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম নেওয়াজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জামায়াতের কর্মী আবুল কাশেম আজাদ (৩৬), রেদওয়ান হোসেন (২০) ও আব্দুল মতলেব (৪০) এবং বিএনপির কর্মী আলমগীর হোসেন ভূঁইয়াকে (৪০) আটক করা হয়েছে।