১২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল আবারও প্রায় ১২ ঘণ্টা বন্ধ ছিল। মাঝ নদীতে দুটি ফেরি আটকা পড়ায় গতকাল সোমবার রাত সাড়ে নয়টা থেকে আজ মঙ্গলবার সকাল পৌনে নয়টা পর্যন্ত এই রুটে নৌযান চলাচল বন্ধ থাকে। এ সময় উভয় ঘাটে প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের রেডিও টেলিফোন অপারেটর (আরটিও) মাহমুদ হোসেন জানান, গতকাল সারা দিনই হালকা শীতের মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। আর দিন শেষে বৃষ্টি কমে যাওয়ার পর থেকে ঠান্ডা বাড়তে থাকে। একই সঙ্গে বাড়তে থাকে কুয়াশা। এ সময় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও কুমারী নামের দুটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। একপর্যায়ে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।নৌযান চলাচল বন্ধ হয়ে পড়ায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাসসহ প্রায় চার শতাধিক যানবাহন আটকা পড়ে। পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক বিদ্যুত্ কুমার সাহা জানান, কুয়াশার কারণে পাটুরিয়া প্রান্ত থেকে রাত সাড়ে নয়টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় পাটুরিয়া ঘাটে পাঁচটি ফেরি যানবাহন নিয়ে নোঙর করে থাকে। পাটুরিয়া প্রান্তে ঢাকা-আরিচা মহাসড়কে দক্ষিণাঞ্চলগামী শতাধিক বাস ও দুই শতাধিক পণ্যবাহী ট্রাকসহ ছোট গাড়ি আটকা পড়ে। এ ছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে রোববার সকাল থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এবং সোমবার বিকেল থেকে শাহপরান নামের দুটি ফেরি পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতীতে অবস্থান করছে।