১২ জন অনাবাসী সিআইপি কার্ড পেলেন
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১২ জন অনাবাসী বাংলাদেশিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে আনুষ্ঠানিক সম্মাননা জানানো হয়েছে। শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রণালয়ে তাঁদের হাতে চিঠি ও কার্ড তুলে দেন। ২০০৯ সালে দেশে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে প্রবাসে অবস্থানকারী বাংলাদেশি ব্যবসায়ীরা অবদান রাখায় তাঁদের এ সম্মাননা দেওয়া হয়েছে। ১২ অনাবাসী বাংলাদেশি হলেন—আরব আমিরাতে বসবাসরত এম এন আলম, মোহাম্মদ আলী ও মীর সেলিম উদ্দিন (স্থায়ী নিবাস চট্টগ্রাম); ব্রিটেনে বসবাসরত আবদুর রহিম ও মৌলা মিয়া (মৌলভীবাজার) এবং কায়ছর আহমেদ (সিলেট); ওমানে বসবাসরত মোহাম্মদ গোলাম কবির ভূঁইয়া ও হেদায়েত উল্লাহ (ঢাকা); জাপানের কাজী সারোয়ার হাবীব (ঢাকা), যুক্তরাষ্ট্রের নাজিম আবেদীন চৌধুরী (ঢাকা), কাতারের লিয়াকত আলী (চট্টগ্রাম) এবং সুইডেনের কাজী শাহ আলম (ঢাকা) মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ ১২ জন সিআইপি আগামী এক বছর পর্যন্ত ‘বিশেষ সুবিধা’ পাবেন। সিআইপিরা তাঁদের পরিচয়পত্রের মেয়াদকালীন দেশে সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র পাবেন। সরকারের নীতি-নির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য বিবেচিত হবেন। দেশ ও বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার পাবেন। সিআইপিরা বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে; ঈদুল ফিতর, ঈদুল আজহা ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ মিশনের আমন্ত্রণ পাবেন। এ ছাড়া ব্যবসাসংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণে সিআইপি হিসেবে অগ্রাধিকার পাবেন। সিআইপিরা বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীদের মতো সুযোগ-সুবিধা পাবেন। সিআইপি ব্যক্তির যথাযথ ফটোগ্রাফ সিআইপি কার্ডে সংযুক্ত থাকবে, যাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষর থাকবে। তবে সরকার কোনো কারণ না দর্শিয়েই সিআইপিদের দেওয়া এসব সুযোগ-সুবিধা প্রত্যাহার করে নিতে পারবে।