১২ জনকে হত্যার পরিকল্পনা করেন জঙ্গি ভাগ্নে শহীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অন্যতম শীর্ষস্থানীয় নেতা ভাগ্নে শহীদকে (৩০) পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই সংগঠনের অন্য পাঁচ জঙ্গিকে নেওয়া হয়েছে চার দিনের রিমান্ডে। গতকাল বুধবার বগুড়া ও গোবিন্দগঞ্জের আদালত ছয় জঙ্গির এই রিমান্ড মঞ্জুর করেন।বগুড়ার পুলিশ সুপার (এসপি) হুমায়ুন কবির গতকাল প্রথম আলোকে জানান, জেএমবির প্রধান সাইদুর রহমান গ্রেপ্তার হওয়ার পর শহীদ সংগঠনের ভারপ্রাপ্ত প্রধান হন। শহীদ ও তাঁর সহযোগীরা দেশের শীর্ষস্থানীয় ১২ জনের একটি তালিকা করে তাঁদের হত্যা করার পরিকল্পনা করেন। তাঁর সহযোগীরা দেশব্যাপী ব্যাপক নাশকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে মাঠে নামেন।ভাগ্নে শহীদ ছাড়া রিমান্ডে নেওয়া পাঁচ জঙ্গি হলেন জেএমবির রাজশাহী বিভাগের সাংগঠনিক প্রধান ঠাকুরগাঁওয়ের লক্ষ্মীপুরের আবদুল সালামের ছেলে শফিকুল ইসলাম ওরফে জামাই রফিক (২৮), গাইবান্ধা জেলার প্রধান গিয়াস ওরফে রাসেল (২৫), এহসার (আত্মোৎসর্গে প্রস্তুত কর্মী) শাকিল (২২), গায়েরে এহসার (সাধারণ সদস্য) আবদুল মজিদ (৫০) ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য আনোয়ার হোসেন (৪৮)।গত সোমবার রাতে পুলিশ সদর দপ্তরের বিশেষ গোয়েন্দা দল বগুড়া পুলিশের সহযোগিতায় বগুড়া ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ভাগ্নে শহীদসহ ছয় জঙ্গিকে গ্রেপ্তার করে। এ সময় ভাগ্নে শহীদের কাছ থেকে তিনটি গুলিসহ একটি পিস্তল ও গোবিন্দগঞ্জ পৌর এলাকার প্রধানপাড়া থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।ছয় জঙ্গিকে গ্রেপ্তারের পর বগুড়া সদর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাকিম বাদী হয়ে অস্ত্র আইনে ভাগ্নে শহীদের বিরুদ্ধে মামলা করেন। অন্য পাঁচ জঙ্গির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন গোবিন্দগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম।রিমান্ড মঞ্জুর: গতকাল দুপুর সোয়া ১২টায় বগুড়া পুলিশ সুপারের কার্যালয় থেকে ভাগ্নে শহীদকে কড়া পুলিশ প্রহরায় আদালতে নেওয়া হয়। বেলা একটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবদুর রশিদ ভাগ্নে শহীদকে অস্ত্র আইনের মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য মুখ্য বিচারিক হাকিমের আদালতে আবেদন করেন। হাকিম মো. হাসানুজ্জামান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারপর শহীদকে জেলা ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।অন্য পাঁচ জঙ্গিকে গতকাল বিকেল চারটার দিকে গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। হাকিম আজিজুর রহমান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, এই থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় পাঁচ জঙ্গিকে রিমান্ডে নেওয়া হয়েছে।বহু মামলার আসামি: বগুড়ার এসপি হুমায়ুন কবির জানান, ঠাকুরগাঁওয়ে একটি বিস্ফোরক মামলায় ভাগ্নে শহীদের সাজা হয়েছে। পাবনার চাটমোহরে ব্যাংক ডাকাতি, নাটোর ও টাঙ্গাইলের বাসাইলে ব্র্যাক অফিসে ডাকাতি, হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলা, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় উত্তর মহেষপুর গ্রামে পুলিশের ওপর হামলা, কালাই উপজেলায় পাঁচজনকে হত্যা, ময়মনসিংহে সিনেমা হলে বোমা হামলা মামলাসহ বহু মামলার আসামি ভাগ্নে শহীদ। এসপি আরও জানান, ভাগ্নে শহীদ সারা দেশের দায়িত্ব পালন করলেও দিনাজপুরের নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও জয়পুরহাটের ক্ষেতলাল এলাকায় বেশি থাকতেন। সাংগঠনিক কাজে মাঝেমধ্যে ঢাকায় যেতেন। বগুড়া এলাকায় তাঁর আগমন কম ছিল।কে এই ভাগ্নে শহীদ: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বীর গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে আনোয়ার আলম (৩০), যিনি জেএমবিতে ভাগ্নে শহীদ নামে পরিচিত। সাথী, বদরুন নাহার ও সুমি নামে তাঁর তিন স্ত্রী রয়েছেন। তিনি দুই ছেলের জনক। পুলিশ সূত্রে জানা গেছে, ভাগ্নে শহীদ আগে ছাত্রশিবির করতেন। ১৯৯৮ সালে শিবিরের কর্মী থাকা অবস্থায় মামা (ঠাকুরগাঁও জেলা জেএমবির নেতা) তরিকুল ইসলামের হাত ধরে তিনি জেএমবিতে যোগ দেন। ভাগ্নে শহীদ ২০০১ সালে এহসার সদস্য মনোনীত হন। এ সময় রংপুর শহরে রিকশা চালিয়ে, আবার কখনো চা বিক্রি করে জীবন চালিয়েছেন। ২০০১ সালের ডিসেম্বরে জেএমবির রংপুর জেলার কাউনিয়া উপজেলার দায়িত্ব পান তিনি। ২০০২ সালে পার্বতীপুরে জেএমবির দুজন এহসার সদস্য পেট্রোল বোমাসহ ধরা পড়ার পর দিনাজপুরে জেএমবির সর্বোচ্চ পর্যায়ের সভা হয়। সেখানে ১৫ সদস্যের একটি ইসাবা (ছোট দল) গঠন করা হয়। ইসাবার প্রধান ছিলেন সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই। এর একজন সদস্য ছিলেন ভাগ্নে শহীদ। ২০০৪ সালে ভাগ্নে শহীদকে জেএমবির কিশোরগঞ্জ জেলার দায়িত্ব দেওয়া হয়। শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের ফাঁসি হওয়ার পর তিনি ঢাকার এলিফ্যান্ট রোডের একটি হোটেলে চাকরি নেন। পরে মাওলানা সাইদুর রহমান সংগঠনের প্রধান (আমির) নিযুক্ত হলে তিনি দ্বিতীয় প্রধান নিযুক্ত হন। বৃহত্তর রংপুর ও দিনাজপুরের দায়িত্ব পালন করেন ভাগ্নে শহীদ। ২০০৮ সালের অক্টোবরে জেএমবির রাজশাহী বিভাগের প্রধান জাহাঙ্গীর ওরফে জোবায়ের রাসেল ধরা পড়লে ভাগ্নে শহীদকে রাজশাহী বিভাগের দায়িত্ব দেওয়া হয়। ২০০৯ সালের মে মাসে চার সদস্যের শুরা কমিটিতে অন্তর্ভুক্ত হন ভাগ্নে শহীদ।