১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, মন্ত্রীর ভাইয়ের নাম নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যা মামলায় পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল মতিন সরকারসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।তবে মামলার এক নম্বর আসামি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাহউদ্দিন আহমেদ ওরফে বাচ্চু ছাড়াও মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মাসুদুর রহমান ওরফে মুরাদ, শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূইয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ এজাহারভূক্ত ১৪ আসামির মধ্যে ১১ জনেরই সংশ্লিষ্টা পাওয়া যায়নি বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।কঠোর গোপনীয়তার মধ্যে অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল। গত বছরের ১ নভেম্বর রাতে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে লোকমান হোসেন নিহত হন। এ ঘটনায় নিহতের ছোটভাই কামরুজ্জামান বাদী হয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাহউদ্দিন আহমেদ ওরফে বাচ্চুকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬-৭ জনের একটি বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।অভিযোগপত্র অনুযায়ী অভিযুক্ত আসামিরা হলেন, শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এজাহারভুক্ত তিন নম্বর আসামি মোবারক হোসেন, নরসিংদী পৌরসভার সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মামলার দুই নম্বর আসামি আবদুল মতিন সরকার, মতিন সরকারের ছোট ভাই আশরাফুল ইসলাম সরকার ওরফে আশরাফ সরকার, নাজমুল হাসান শরীফ ওরফে কিলার শরীফ, হাজী সেলিম, আওলাদ হোসেন, সরোয়ার হোসেন, ইশু সরকার, হিরু ওরফে নাজমুল হাসান, হাজী ফারুক, মাহফুজুর রহমান ওরফে সবুজ ও শাহীন মিয়া।