১২ জেলা প্রশাসক পদে রদবদল
১২ জেলা প্রশাসক পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে ছয়জন যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাঁদের প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ করা হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করা হয়।রদবদল করা জেলা প্রশাসক ও জেলা হচ্ছে পঞ্চগড় থেকে বনমালী ভৌমিককে রংপুর, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব আবদুল হান্নানকে রাজশাহী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব খান মোহাম্মদ বিলালকে সিলেট, মন্ত্রিপরিষদ বিভাগের নূরউর রহমানকে মাদারীপুর, ভোটার আইডি কার্ডের প্রকল্প পরিচালক আনিস মাহমুদকে নেত্রকোনা, আইএমইডির পরিচালক মোহাম্মদ ইয়ামিন চৌধুরীকে সুনামগঞ্জ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব ওবায়দুল আজমকে নরসিংদী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক জয়নুল বারীকে কক্সবাজার, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শাহান আরা বানুকে মেহেরপুর, বিনিয়োগ বোর্ডের পরিচালক তোফাজ্জল হোসেন মিয়াকে পঞ্চগড়, বিআরটিএর উপপরিচালক জহুরুল হককে নড়াইল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক আবদুল মজিদকে নীলফামারীর জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রত্যাহূত যুগ্ম সচিব জেলা প্রশাসকদের মধ্যে সিলেট থেকে আবু সাঈদকে টিসিবির পরিচালক, নরসিংদীর অমৃত কুমার বাড়ৈকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক, নীলফামারীর জিল্লুর রহমানকে বিআইডব্লিউটিএর সদস্য, রাজশাহীর দিলওয়ার বখতকে মন্ত্রিপরিষদ বিভাগে, মাদারীপুরের শশী কুমার সিংহকে সড়ক ও রেলপথ বিভাগে, সুনামগঞ্জের ফয়জুর রহমানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।এ ছাড়া কক্সবাজারের জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমেদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে, মেহেরপুরের মো. বেনজামিনকে পরিকল্পনা মন্ত্রণালয়ে এবং নেত্রকোনার হুমায়ুন কবীরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, নড়াইলের আনোয়ার হোসেনকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে, রংপুরের বি এম এনামুল হককে শিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।এদিকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক চন্দ্র নাথ বসাককে তাঁত বোর্ডের সদস্য এবং তাঁত বোর্ডের সদস্য তাহেরুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।