১২ ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসতি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোদ সরকারের তরফ থেকে চট্টগ্রামের ১২টি পাহাড়কে ভূমিধসের জন্য মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সরকারিভাবে গঠিত তিনটি বিশেষজ্ঞ কমিটি চট্টগ্রাম সিটি করপোরেশন ও কক্সবাজার পৌরসভার ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোতে বসবাসকারী প্রায় ১০ লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়ার সুপারিশ করেছিল। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে ২২টি সুপারিশও করা হয়েছিল। এরপর পাঁচ বছর হতে চলল। অথচ একটি সুপারিশও বাস্তবায়ন হয়নি। বরং গত পাঁচ বছরে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসের পরিমাণ বেড়েছে। নতুন নতুন পাহাড়ের ঢালে বসতি শুরু হয়েছে। ২৬ জুন চট্টগ্রামের আকবর শাহ এলাকার ধসে যাওয়া পাহাড়ি এলাকাটি এর আগে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল না। কিন্তু কয়েক বছর ধরে এখানে অবৈধ ও অপরিকল্পিত বসতি বেড়ে যাওয়ায় এই পাহাড়টি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পরিবেশ অধিদপ্তরের তাৎক্ষণিক মূল্যায়নে দেখা গেছে, গত তিন দিনের বৃষ্টিতে মোট ৬০টি পাহাড়ে ধসের ঘটনা ঘটেছে।সরকারের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) কক্সবাজার ও টেকনাফ এলাকার পাহাড়গুলোর ঝুঁকির মাত্রা নির্ধারণ করেছে। তাতে দেখা গেছে, এই দুই এলাকার পাহাড়গুলোর ৭৫ শতাংশই বালুর তৈরি। সেখানে বসতি তো দূরের কথা, কোনো ধরনের অবকাঠামো নির্মাণের জন্য উপযুক্ত নয়। কিন্তু এসব পাহাড়ের সবগুলো ব্যক্তিগত মালিকানাধীন হওয়ায় মানুষ সেখানে জমি কিনে বসবাস করতে শুরু করেছে। কেবল দুটি পৌরসভা এলাকাতেই প্রায় দেড় লাখ মানুষ পাহাড়ের ঢালে বসবাস করছে। বসবাসকারীদের বেশির ভাগই দরিদ্র হওয়ায় ঘরগুলো টেকসই নয়। ফলে পাহাড়ধসের কারণে এদের ঝুঁকিও অনেক বেশি। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন (১৯৯৫) ও (সংশোধিত)-২০১০ এর ৪ ধারার (৬খ) বলা আছে, ‘কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারি বা আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন ও/বা মোচন করা যাইবে না।’ আইনে পাহাড় কাটার অপরাধে সর্বোচ্চ দুই বছরের জেল ও পাঁচ লাখ টাকার জরিমানার বিধান রয়েছে। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পাহাড়গুলোর রক্ষার দায়িত্বে থাকলেও গত সাড়ে তিন বছরে পাহাড় কাটার অপরাধে কাউকে জরিমানা বা শাস্তি দেওয়া হয়নি।২০০৭ সালের ১১ জুন চট্টগ্রাম ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় মারাত্মক ভূমিধসে ১২৭ জনের প্রাণহানি ঘটে। সিডিএমপির পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাকসুদ কামাল এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, পাহাড়ধস বিষয়ে মোট তিনটি কমিটি তদন্ত প্রতিবেদন ও সুপারিশ দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত একটি সুপারিশও বাস্তবায়ন হয়নি। ফলে পাহাড়ে বসবাসকারী ব্যক্তিদের মৃত্যুঝুঁকি আরও বেড়েছে।ঝুঁকিপূর্ণ পাহাড়: ২৬ জুন চট্টগ্রাম ও কক্সবাজারের যেসব পাহাড়ে ভূমিধস হয়েছিল সেগুলো আগে থেকেই মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল। ২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামে ভূমিধসে শতাধিক ব্যক্তির প্রাণহানির পর চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি ঝুঁকিপূর্ণ পাহাড় এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে চট্টগ্রামের কালুরঘাট সেতুর পার্শ্ববর্তী সরকারি খাসজমিতে পুনর্বাসন করার সুপারিশ করেছিল। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ পাহাড় এলাকা থেকে ১০টি পরিবারকে কালুরঘাট এলাকায় পুনর্বাসন করা হয়। কিন্তু এক সপ্তাহের মধ্যে ওই পরিবারগুলো আবারও আগের পাহাড়ি ঢালু জমিতে ফিরে আসে। অন্য পরিবারগুলোকে আর কালুরঘাটে পুনর্বাসন করা হয়নি। পাহাড়গুলো বেশির ভাগই শহরের কেন্দ্রস্থলে হওয়ায় এবং কালুরঘাট থেকে শহরের দূরত্ব বেশি হওয়ায় অন্যান্য পরিবার সেখানে যেতে চায়নি। অন্যদিকে সরকারি মালিকানাধীন পাহাড়গুলোতে বসবাসকারী পরিবারগুলোর কাছ থেকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রতি মাসে চাঁদা নেন বলে তদন্ত কমিটির অনুসন্ধানে বেরিয়ে আসে। আবার বেসরকারি মালিকানাধীন পাহাড়গুলোর মাটি কেটে বসতি স্থাপনের ক্ষেত্রে সাধারণত কোনো বাধা দেওয়া হয় না। আর এভাবে ধীরে ধীরে পাহাড় ধ্বংস হয়ে অপেক্ষাকৃত দামি সমতলভূমির পরিমাণ বাড়ে। পরবর্তী সময়ে অবৈধ বসতি স্থাপনকারী ব্যক্তিদের উচ্ছেদের মাধ্যমে জমির মালিক সমতলভূমি নিজের দখলে নিয়ে নেন বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।ঝুঁকিপূর্ণ পাহাড় চিহ্নিত-করণবিষয়ক তদন্ত কমিটির প্রতিবেদনে বেসরকারি মালিকানাধীন এ কে খান অ্যান্ড কোম্পানির পাহাড়, ইস্পাহানি কর্তৃপক্ষের নাসিরাবাদ প্রোপার্টিজের পাহাড় এবং ইস্পাহানি পাহাড়ের পার্শ্ববর্তী হারুন খানের মালিকানাধীন পাহাড়ের পশ্চিমাংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। সরকারি পাহাড়গুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ পাহাড় হচ্ছে: গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন রাস্তার পাশে বাটালি হিলের পাহাড়, চট্টগ্রাম সিটি করপোরেশেনের মালিকানাধীন বাটালি হিল টাইগার পাসের মোড়ে ইন্ট্রাকো সিএনজির পেছনের পাহাড়, লেকসিটি আবাসিক এলাকার পাহাড় ও ভিআইপি হিল, চট্টগ্রাম ওয়াসার মতিঝর্না এলাকার পাহাড়, বাটালি হিলের সিটি করপোরেশনের টাওয়ারসংলগ্ন পশ্চিম পাশের রাস্তার বিপরীত দিকে বসত এলাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন পাহাড়, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের উত্তর পাশের মীর মোহাম্মাদ হাসানের মালিকানাধীন পাহাড়, লালখান বাজার, চান্দমারী রোডসংলগ্ন মুছা বিন আজাহার, জামেয়াতুল উলুম ইসলামি মাদ্রাসা কর্তৃপক্ষের পাহাড়, চট্টেশ্বরী রোডে অবস্থিত জেমস ফিনলের (বর্তমানে জে এফ বাংলাদেশ লি.) মালিকানাধীন পাহাড় এবং সিডিএ এভিনিউ রোডের পাশে সৈয়দ জিয়াদ হোসেনের মালিকানাধীন ব্লোসোম গার্ডেনের পাহাড়।পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক জাফর আলম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ২০০৭-এর তদন্ত কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন হলে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। খুব দ্রুত পাহাড়ে বসতি স্থাপনকারী ব্যক্তিদের সরিয়ে নেওয়া হবে বলেও তিনি জানান।