১২ তারিখের পর সেনানিবাসের বাড়িতে থাকা বেআইনি: অ্যাটর্নি জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১২ নভেম্বরের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আইনিভাবে সেনানিবাসের বাড়িতে থাকতে পারছেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ১২ তারিখের পর খালেদা জিয়া সেনানিবাসের বাড়িতে থাকলে আদালত অবমাননা হবে বলেও মন্তব্য করেন তিনি। অ্যাটর্নি জেনারেল আজ বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন।খালেদা জিয়াকে এক মাসের মধ্যে সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছেন, তার মেয়াদকাল শেষ হবে আগামীকাল ১২ নভেম্বর। এ সময়ের পর বিএনপির চেয়ারপারসন সেনানিবাসের বাড়িতে থাকতে পারবেন কি না, এমন এক প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, ‘আইনিভাবে তিনি এ সময়ের পর সেনানিবাসের বাড়িতে থাকতে পারবেন না। তবে নির্দেশ অমান্য করে থাকলে তিনি আদালত অবমাননা করবেন। কারণ, রায়ের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ নেই।’১২ নভেম্বরের পর খালেদা জিয়ার সেনানিবাসের বাড়িতে থাকলে সরকার যেকোনো আইনি ব্যবস্থা নিতে পারে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, এ ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা নিলে তা বেআইনি হবে না।