১২ দফা নির্দেশনা পেয়ে পুলিশে মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিজ্ঞাসাবাদের সময় শারীরিক ও মানসিক নির্যাতন করা যাবে না—ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের এ সংক্রান্ত ১২ দফা নির্দেশনা পেয়ে পুলিশের মাঠপর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁরা বলেছেন, বাংলাদেশের বাস্তবতায় বলপ্রয়োগ ছাড়া স্বীকারোক্তি আদায়ের কোনো ব্যবস্থা নেই। কারণ তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য আধুনিক সরঞ্জাম নেই। আবার কেউ কেউ বলেছেন, তাঁরা এসব নির্দেশনা মেনে চলার চেষ্টা করবেন।গত বুধবার ডিএমপির কমিশনার আসামির প্রতি পুলিশ কেমন আচরণ করবে, সে বিষয়ে ১২ দফা নির্দেশনা দেন। সম্প্রতি রাজধানীতে পুলিশের হেফাজতে তিন ব্যক্তির মৃত্যুর পর এ নির্দেশনা দেওয়া হয়। সংবিধান, ফৌজদারি কার্যবিধি ও পুলিশ প্রবিধানে এই নির্দেশনার উল্লেখ থাকলেও বেশির ভাগ ক্ষেত্রে তা মানা হয় না। সন্দেহভাজনদের কাছ থেকে তথ্য বা স্বীকারোক্তি আদায়ের কৌশল হিসেবে নির্যাতনই পুলিশের প্রথা হিসেবে দাঁড়িয়েছে।বিভিন্ন কর্মকর্তার মতে, স্বীকারোক্তি আদায়ে পুলিশ ও র‌্যাবের কৌশলের মধ্যে রয়েছে মারধর, নাকে-মুখে গামছা দিয়ে পানি ঢালা, বাদুড় ঝোলানো (উল্টো করে ঝোলানো), ওয়াটার থেরাপি (পানিতে নাক চুবানো) ইত্যাদি।বুধবার ১২ দফা নির্দেশনা পাওয়ার পর গতকাল ঢাকার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে কথা বললে তাঁরা বলেন, বাংলাদেশের বাস্তবতায় এই নির্দেশনাগুলো মেনে চলা কঠিন। তবে শাহবাগ থানার ওসি রেজাউল করিম প্রথম আলোকে বলেন, একজন দক্ষ পুলিশ কর্মকর্তা এসব আইনি বাধ্যবাধকতার মধ্যে থেকেও আসামিদের সফলভাবে জিজ্ঞাসাবাদ করতে পারেন। পুলিশের প্রশিক্ষণ ও কৌশল কাজে লাগিয়ে একই বিষয়ে একাধিকজনের কাছ থেকে তথ্য নিয়ে (ক্রস চেকিং) সেটার সত্য-মিথ্যা যাচাই করা সম্ভব।নাম প্রকাশ না করার শর্তে একজন ওসি বলেন, এখনো থানা হেফাজতে থাকা একজন ব্যক্তির খাবারের জন্য প্রতি বেলায় বরাদ্দ পাঁচ টাকা। সরকারিভাবে দুই বেলায় ১০ টাকার খাবার বরাদ্দ রয়েছে। এভাবে খেতে দিলে তো প্রতি সপ্তাহে খাবারের অভাবেই থানা হেফাজতে কয়েকজন করে মারা যাবে। সরকার কেন এ বিষয়গুলো দেখে না।নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন ওসি বলেন, অভিযুক্ত বা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের সময় অনেক উন্নত দেশে ‘লাই ডিটেক্টর’ ব্যবহার করা হয়। অপরাধী মিথ্যা বললে তা শনাক্ত করতে পারে এ যন্ত্রটি। বাংলাদেশ পুলিশের এ ধরনের যন্ত্র ব্যবহারের সুযোগ নেই। তাই ভয়-ভীতি, লোভ দেখিয়ে কৌশলে কথা আদায়ই পুলিশের তথ্য সংগ্রহের ও সত্য-মিথ্যা যাচাইয়ের একমাত্র উপায়।ওই ওসি বলেন, এ ছাড়া উন্নত দেশে আঙুলের ছাপ, হাতের ছাপ, রক্তের দাগ পরীক্ষা করে এগুলোই অপরাধীর অপরাধের সাক্ষ্য হিসেবে গণ্য হয়। অথবা অপরাধীর ডিএনএ টেস্টের মাধ্যমেও অপরাধ শনাক্ত ও অপরাধের প্রমাণ পাওয়া যায়। বাংলাদেশে এসব পরীক্ষার সুযোগ থাকলেও তা খুবই অপর্যাপ্ত।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ওসি জানান, পেশাদার অপরাধীরা সহজে কিছু বলতে চায় না। তাই বাধ্য হয়ে আইন উপেক্ষা করেও তাদের মারধর করতে হয়।রমনা থানার ওসি শিবলি নোমান বলেন, ‘জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আমরা সব সময় আইনি বাধ্যবাধকতার বিষয়গুলো মানার চেষ্টা করি। নির্দেশনা পাওয়ার পর বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা হচ্ছে।’ একই কথা বলেন পল্লবী থানার ওসি ইকবাল হোসেন।এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবীর বলেন, ‘আমরা নির্দেশনা মেনে চলছি। সে অনুযায়ী মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হচ্ছে এবং কর্মকাণ্ড তদারক করা হচ্ছে।’পুলিশের সাবেক মহাপরিদর্শক এ এস এম শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘দেশের সংবিধান অনুসারে কাউকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। কিন্তু আমাদের দেশে সেটাই করা হচ্ছে। তদন্তের সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের তথ্য সংগ্রহের জন্য নানা কলাকৌশল শিখতে হবে। শুধু মারধর করে স্বীকারোক্তি আদায় এখন চলে না। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’