১২ দলের হরতালে আট দল নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল আহ্বানকারী ইসলামি ও সমমনা ১২ দলের আটটির নেতারা বলেছেন, কাল বৃহস্পতিবারের হরতালে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। কারণ, এ বিষয়ে সংগঠনে কোনো নীতিগত সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়নি। আজ বুধবার এক যৌথ বিবৃতিতে নেতারা এসব কথা বলেন। বিবৃতিতে ইসলামি ও সমমনা ১২ দলের আহ্বায়ক মুহিউদ্দিন খান ছাড়াও শরিক দল খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, ভাসানী ফ্রন্ট, ইসলামিক পার্টি, এনডিপি, ন্যাপ-ভাসানীর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম রয়েছে। এর আগে ১২ দলের পক্ষ থেকে হরতাল আহ্বান করা হয়েছিল। আর এই ১২ দলের যুগ্ম আহ্বায়ক শাহ আহমাদুল্লাহ আশরাফ আজ পৃথক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করার আহ্বান জানান। তাঁদের পক্ষ থেকে বলা হয়, সকাল-সন্ধ্যার পরিবর্তে কাল ঢাকায় আধা বেলা হরতাল পালন করা হবে। এ ছাড়া নির্বাচনের কারণে রংপুর সিটি করপোরেশন এলাকা হরতালের আওতামুক্ত থাকবে। তবে ঢাকার বাইরে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।সমমনা ইসলামি ১২ দলের সদস্যসচিব জাফরুল্লাহ খান প্রথম আলো ডটকমকে জানান, কওমি মাদ্রাসার শিক্ষা সনদের বিষয়ে কওমি মাদ্রাসা বোর্ডের (বেফাক) একটি সম্মেলনের কারণে ঢাকায় সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সহিংসতা হলে কঠোর হাতে দমন করা হবে। আজ বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় মঞ্চে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কালকের হরতাল স্বাধীনতাবিরোধীদের উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা হরতাল করে গাড়ি ভাঙচুর, রাজপথ অবরোধ ও বোমাবাজি করে নিজেদের অপকর্ম ঢাকার চেষ্টা করে, তারা কখনো গণতান্ত্রিক দল হতে পারে না। তত্ত্বাবধায়কের দাবিতে স্বাধীনতাবিরোধীদের নিয়ে বিরোধী দলের আন্দোলন কখনো সফলতা অর্জন করতে পারবে না।’ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বামপন্থী বিভিন্ন দলের ডাকা গতকাল মঙ্গলবারের হরতালের পরিপ্রেক্ষিতে ধর্মভিত্তিক দলগুলোর মোর্চা ১২ দল কমিউনিস্টদের রাজনীতি নিষিদ্ধ ও ইসলাম নির্মূলের চক্রান্তের বিরুদ্ধে এই হরতালের ডাক দেয়।হরতালে না থাকা নিয়ে বিবৃতির বিষয়ে জানতে চাইলে নেজামে ইসলাম পার্টির মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রথম আলো ডটকমকে বলেন, ব্যক্তিগতভাবে এই হরতালে তাঁর সমর্থন আছে। বিবৃতি থেকে তাঁর নাম কেটে দেওয়ার অনুরোধ করেন তিনি। আর খেলাফত মজলিসের আমির মুহাম্মদ ইসহাক বলেন, ‘আমি ১৮ দলের সঙ্গে আছি। তাই ১২ দলে না থাকার সিদ্ধান্ত নিয়েছি। সে কারণে এই হরতালের সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই।’এদিকে ইসলামি ও সমমনা ১২ দলের হরতালে জামায়াতে ইসলামী পূর্ণ সমর্থন জানিয়েছে। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান আজ এক বিবৃতিতে এই সমর্থনের কথা জানান।