১২ দিন পর অনশন ভাঙলেন আন্না
ভারতের দুর্নীতিবিরোধী সমাজকর্মী আন্না হাজারে ১২ দিন পর আজ রোববার স্থানীয় সময় সকাল ১০টায় অনশন ভেঙেছেন। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়েছে। দিল্লির একটি গ্রাম থেকে আসা সিমরান নামের পাঁচ বছর বয়সী এক কন্যাশিশু তাঁকে অনশন ভাঙতে সাহায্য করে। এ সময় দিল্লির রামলীলা ময়দানে আন্নার হাজার হাজার সমর্থক উপস্থিত ছিলেন। আন্নার দুর্নীতিবিরোধী আন্দোলনের সহকর্মী অরবিন্দ কাজরিওয়াল জানিয়েছেন, শারীরিক অবস্থা পরীক্ষার জন্য দু-তিন দিনের জন্য আন্নাকে হাসপাতালে নেওয়া হবে।ভারতের পার্লামেন্ট গতকাল শনিবার অনশনরত সমাজকর্মী আন্না হাজারের তিনটি দাবিই নীতিগতভাবে মেনে নেওয়ার ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে তিনি আজ রোববার সকাল ১০টায় অনশন ভাঙবেন বলে ঘোষণা দেন।আন্না হাজারের আপসহীন আন্দোলন এবং এর পক্ষে সৃষ্ট জনমত ও রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের চাপে গতকাল পার্লামেন্টে ভোটাভুটিতে রাজি হয় সরকার। পার্লামেন্টে আন্নার মেনে নেওয়া দাবিগুলো হচ্ছে: এক. কেন্দ্র ও রাজ্যপর্যায়ে লোকপাল প্রবর্তন। দুই. কনিষ্ঠ সরকারি আমলারা এর জবাবদিহির আওতায় থাকবেন ও তিন. সব সরকারি দপ্তরের সামনে ওই দপ্তরের দায়িত্ব উল্লেখ করে ‘সিটিজেন চার্টার’ টানানো থাকবে। ১২ দিনের অনশনে আন্নার ওজন কমেছে সাত কেজি। তাঁর শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চিকিত্সকেরা।